২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাদের ষড়যন্ত্র এখনো চলমান: মাহতাব চৌধুরী

বিগত বিএনপি-জামায়াত জোটের মন্ত্রী-এমপি এবং তারেক রহমানের ‘প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায়’ দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল মন্তব্য করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ‘তাদের ষড়যন্ত্র’ এখনও চলছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2020, 10:27 PM

Updated : 10 Oct 2022, 07:21 PM

সারাদেশে জেএমবির বোমা হামলার বার্ষিকীতে সোমবার নগর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তার এ মন্তব্য আসে।

মাহতাব বলেন, “২০০৪ সালে জঙ্গিবাদের চরম আস্ফালন আমরা দেখেছি। বিএনপি-জামায়াত জোটের মন্ত্রী, এমপি এবং জিয়ার নষ্ট দুলাল তারেক জিয়া এই জঙ্গিবাদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষক এবং বাঙালির জাতিসত্তার ভয়ঙ্কর শত্রু।

“নিয়তির পরিহাস, তারেক জিয়া সকল বাজে অপকর্মের দায়ে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি হয়েও একটি সভ্য দেশ বলে কথিত রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে আছেন। তাই বলতে হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা অপচেষ্টার ষড়যন্ত্র এখনো চলমান।”

Image
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৫ সালের ১৭ অগাস্ট দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানান দেয় জঙ্গি দল জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।  

পরে তদন্তে উদীচী, ছায়ানটের অনুষ্ঠান এবং সিপিবি, আওয়ামী লীগের সমাবেশেও জঙ্গিদের জড়িত থাকার বিষয়টির প্রমাণ মেলে।

এই ধারায় গড়ে ওঠা নব্য জেএমবি ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করে বিশ্বজুড়ে ঝড় তোলে।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, “একাত্তরের পরাজিত শক্তি ২০০৪ সালের ২১ অগাস্ট যা করতে চেয়েছিল, তারা তাতে ব্যর্থ হয়েছে। তাদের টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জঙ্গিবাদ কোণঠাসা হলেও শিকড় নির্মূল হয়নি। তবে শেখ হাসিনাই তা নির্মূল করবেন। এ শিকড় নির্মূল করাটাই আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ।”

Image
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন

নগর কমিটির সহ-সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, “মনে রাখতে হবে, শত্রু পিছনে লেগে আছে। সেই ৭৪ এর কৃত্রিম দুর্ভিক্ষ, ৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, ২০০৪ সালের এই আগস্ট মাসে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা অপচেষ্টা এবং ২০১৫ সালের ১৭ অগাস্ট সিরিজ বোমা হামলা- একই ধারাবাহিকতার অসম্পূর্ণ নীলনকশা।

“এ কারণে আমাদেরকে চোখ, কান খোলা রেখে দলের সাংগঠনিক ভিত্তিকে জোরদার করতে হবে।”

জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি নির্বাচনে মেয়র পদের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, “আমাদের দৃশ্যমান প্রতিপক্ষদের সহজে চিনি ও জানি। তবে ঘরের শত্রু বিভীষণদের জানি না, চিনি না। এরা যে কোনো সময় ফণা তুলবে। তাই ফণা তোলার আগেই আঘাত করতে হবে। তবে আমাদের মধ্যে যতই ভিন্নতা থাকুক, পার্থক্য থাকুক, মিলেমিশে থেকে দলকে ও দেশকে ভালোবাসতে হবে।”

Image
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী

সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় অন্যদের মধ্যে সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান মাহমুদ চৌধুরী শমসের ও মশিউর রহমান চৌধুরী সভায় বক্তব্য দেন।

নগর কমিটির উপদেষ্টা শফর আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিকুল ইসলাম ফারুক, মো. হোসেন ও আবদুল আহাদও উপস্থিত ছিলেন সভায়।