২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাড় ভেবে খালে পাড়া দিয়ে ডুবলেন দুই কিশোরী

টানা বৃষ্টিতে পানি বেড়ে বাঁধাই করা পাড়ের সমান উচ্চতায় উঠেছিল চট্টগ্রামের মহেশখালের পানি, সেখান দিয়ে হেঁটে যেতে গিয়ে খালে পা ফেলে ডুবে গেছেন দুই কিশোরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2020, 05:30 PM

Updated : 08 Apr 2022, 01:07 AM

বুধবার সকালে ও মঙ্গলবার রাতে নগরীর হালিশহর ইসলামিয়া ব্রিক ফিল্ড এলাকা সংলগ্ন মহেশখাল থেকে তাদের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

মারা যাওয়া দুই কিশোরী হলেন- মুন্নি আক্তার (১৪) ও ঝুমা আক্তার (১৭)।

মুন্নি বরিশাল জেলার বেতাবী উপজেলার চিকনবুনিয়া গ্রামের মোহাম্মদ ইউসুফের মেয়ে। ঝুমা চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মোহাম্মদ জামালের মেয়ে। দুইজনই ইসলামিয়া ব্রিকফিল্ড সংলগ্ন কলোনির বাসিন্দা।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা জাহেদ চৌধুরী বলেন, মঙ্গলবার বেলা ২টার দিকে ব্রিক ফিল্ড সংলগ্ন মহেশখালের পাড়ের দেয়ালের উপর দিয়ে দুই কিশোরী হেঁটে যাওয়ার সময় খালে পড়ে নিখোঁজ হয়।

মঙ্গলবার সারা দিন বৃষ্টি ও জোয়ারের পানির কারণে দেয়াল ও খালের পানির উচ্চতা একই হয়ে যাওয়ায় তারা বুঝতে না পেরে তলিয়ে যায় বলে স্থানীয়রা জানান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে রাত ৮টার দিকে মুন্নির লাশ উদ্ধার করা হয়।

বুধবার সকাল সোয়া ৬টার দিকে আবারও ফায়িার সার্ভিসের ডুবুরি দল খালে নেমে ঝুমা আক্তারের লাশ উদ্ধার করে।