২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

নগরীর পতেঙ্গা থানার খেজুরতলা এলাকায় বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2020, 02:58 PM

Updated : 18 Aug 2022, 03:29 PM

সোমবার দুপুরে মোহাম্মদ মামুন (২২) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, স্ত্রীর সাথে কলহের জেরে মামুন আত্মহত্যা করেছেন। তবে মামুনের বাবার দাবি, তার ছেলেকে হত্যা করা হয়েছে, মামুন বিয়ে করেছেন বলেও তাদের জানা নেই।

মামুন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকার বাসিন্দা সৈয়দ আলমের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

মরদেহ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হলেও মঙ্গলবার বেলা একটা পর্যন্ত ময়না তদন্ত শেষ হয়নি।

মামুনের বাবা সৈয়দ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল বিকালে আমাকে পতেঙ্গা থানা থেকে ফোন করে আসতে বলে। বাড়ি থেকে আসতে আসতে রাত হয়ে যায়। থানায় আসার পর আমাকে পুলিশ বলে, আপনার ছেলে মারা গেছে। লাশ মেডিকেলে পাঠিয়ে দিয়েছি।”

তিনি বলেন, “পুলিশ বলেছে, দেড় মাস আগে মামুন বিয়ে করেছে সুমি নামের এক মেয়েকে। এটা আমরা জানতাম না। বউয়ের সাথে ঝগড়া করে নাকি সে আত্মহত্যা করেছে।

“আমার ছেলে কেন আত্মহত্যা করবে আর যদি বিয়েই করে ওই মেয়ে তার স্বামীর লাশের সাথে নেই কেন? সকালে আমি গিয়ে ওই বাসা দেখে এসেছি। সেখানে কয়েকটা হাড়ি-পাতিল ছাড়া কিছু নেই। পুলিশ বলেছে, দরজা ভেঙে লাশ উদ্ধার করেছে। আমি গিয়ে দেখেছি দরজা-জানালা সব ঠিক আছে।”

সৈয়দ আলম বলেন, “ওই মেয়ের পরিবারের লোকজন মিলে আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি হত্যা মামলা করব।”

পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ বলেন, “পারিবারিক কলহের জেরে ওই যুবক আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

“ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। দরজা ভেঙে পুলিশ ঘরে ঢোকে। ময়না তদন্তের পর জানা যাবে কি হয়েছিল।”

এ ঘটনায় নিহতের স্ত্রী একটি অপমৃত্যু মামলা করেছেন বলেও জানান ওসি জোবায়ের।