কিশোরের ‘আত্মহত্যা’: নিরপেক্ষ তদন্ত দাবি আমীর খসরুর
আগ্রাবাদে কিশোর সালমান ইসলাম মারুফের মৃত্যুর ঘটনায় ‘নিরপেক্ষ’ তদন্তের দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার এক বিবৃতিতে তিনি মারুফের মৃত্যুকে ‘রহস্যজনক’ আখ্যায়িত করেন।
“পুলিশ দ্বারা সংগঠিত ঘটনার তদন্ত পুলিশকে দিয়ে করলে সুষ্ঠু হবে না। তাই অন্য সংস্থা দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে।”
এ ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসনকে ব্যবহার করায় তারা এখন বেপরোয়া হয়ে ওঠেছে।
“পুলিশ সাদা পোশাকে অভিযানের নামে নিরীহ মানুষকে হয়রানি করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। দেশে আইনের শাসন না থাকার কারণে প্রশাসনের কিছু কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করছে। যার ফলশ্রুতিতে নিরীহ সালমান মারুফের অকাল মৃত্যু হয়েছে। আগ্রাবাদের ঘটনায় পুলিশ চরম দায়িত্বহীন আচরণ করেছে।”
তিনি বলেন, “কিশোর মারুফকে পুলিশ মারাত্মকভাবে পেটানোর সময় তার মা বোন তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও নির্দয়ভাবে মারধর ও লাঞ্ছিত করা হয়, যা কোনো সভ্য দেশে হতে পারেনা। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন।
“মারুফকে হত্যা করা হোক বা মারুফ আত্মহত্যা করুক পুলিশ কোনোভাবেই এর দায়ভার এড়াতে পারেনা। এই ঘটনায় জড়িত দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”
মারুফের শোকাহত পরিবারকে সমবেদনা জানান বিএনপি নেতা আমীর খসরু।
বৃহস্পতিবার রাতে নগরীর ডবলমুরিং থানার বড় মসজিদ গলিতে সাদা পোশাকে পুলিশের অভিযানের সময় বোন আহত হয়ে মাসহ হাসপাতালে যাওয়ার পর বাসা থেকে কিশোর মারুফের লাশ উদ্ধার করে পুলিশ।
সেই রাতেই স্থানীয়দের বিক্ষোভের পর অভিযানে যাওয়া এসআই হেলাল উদ্দিনকে প্রত্যাহার করা হয়।
এ ঘটনায় নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মনজুর মোরশেদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সেই কমিটি সোমবার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারে।
