২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বশুরবাড়িতে জামাই খুন

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক ব্যক্তি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2020, 01:38 PM

Updated : 18 Aug 2022, 03:28 PM

পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন গ্রামে শ্বশুরবাড়িতে ছুরিকাঘাতে বৃহস্পতিবার রাতে গুরুতর আহত হন মেয়ে জামাই সাইফুল ইসলাম সুমন (৩৭)। শনিবার ভোর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাইফুলের বাড়ি কুসুমপুরা ইউনিয়নেরই বিনুনিহারা গ্রামে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, সৌদি প্রবাসী সাইফুল ছয় মাস আগে বিদেশ থেকে আসেন।

“তার স্ত্রীর সঙ্গে যৌতুক নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। সে মাঝেমধ্যে তার শ্বশুরবাড়িতে গিয়ে থাকত। বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে সাইফুলের সাথে তার স্ত্রী এবং শ্বশুরপক্ষের লোকজনের ঝগড়া হয়। একপর্যায়ে ছুরিকাহত হয়ে সে গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সেখানেই তার মৃত্যু হয়।”

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাইফুলের শ্বশুরবাড়িতে তার স্ত্রী ফরিদা আক্তার, শ্বাশুড়ি ও সাত-আটবছর বয়েসী এক শ্যালক ছাড়া কেউ ছিলেন না বলে পুলিশ জানতে পেরেছে।

ওসি বোরহান বলেন, “ঘটনার শুরুতে সাইফুলের পরিবারের পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি। পরে জেনে আমরা ঘটনা জেনে তদন্ত করছি। কীভাবে তার উপর ছুরিকাঘাত হল, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”