স্বাস্থ্য অধিদপ্তরের আরো সর্তক হওয়া প্রয়োজন ছিল: তথ্যমন্ত্রী
করোনাভাইরাস মহামারীর মধ্যে চিকিৎসা নিয়ে নানা অনিয়মের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আরো সর্তক হওয়া প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
শুক্রবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জেকেজি ও রিজেন্ট গ্রুপের অনিয়মগুলো সরকারই উদঘাটন করেছে। কোনো পত্রিকার রিপোর্ট দেখে বা বিরোধীদল বলেছে এরকম অনিয়ম হচ্ছে, সে কারণে এটি উদঘাটন হয়নি।
“এখানে যাতে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি না থাকে সেজন্য সরকারই উদঘাটন করেছে। অবশ্য আমি ব্যক্তিগতভাবে মনে করি স্বাস্থ্য অধিদপ্তরের এ ব্যাপারে আরেকটু সতর্ক হওয়া প্রয়োজন ছিল।”
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “অনেকেই সমালোচনা করেন ঘরে বসে, টেলিভিশনে উঁকি দিয়ে, তারা ঘর থেকেও বের হয় না।
“বাংলাদেশে মানুষের ঘনত্ব পৃথিবীতে সর্বোচ্চ। পৃথিবীর ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে ঢাকা-চট্টগ্রাম অন্যতম। নানা প্রতিকূলতা ও স্বাস্থ্যসেবা দেয়ার ক্ষেত্রে পৃথিবীর উন্নত দেশগুলোর চেয়ে পিছিয়ে থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের কারণে করোনাভাইরাসে মৃত্যুর হার পৃথিবীর যে কয়টি হাতেগোনা দেশের মৃত্যুর হার সবচেয়ে কম তার মধ্যে বাংলাদেশ অন্যতম।”
শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের উদ্যোগে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে একশ হাইফ্লো ন্যাজাল ক্যানুলা বিতরণ ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে কোভিড-১৯ হসপিটালে রূপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা এবং কক্সবাজার জেলায় দুটি অ্যাম্বুলেন্স দেয়া হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালেই প্রথম জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু হয় মার্চ মাসে। তবে সেখানে এতদিন কোনো সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ছিল না।
শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের অর্থায়নে হাসপাতালটিতে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হলো।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “শুরুতে চট্টগ্রামে অনেক সঙ্কট ছিল। আইসিইউ নিয়ে হাহাকার ছিল। কিন্তু এখন আইসিইউ বেড খালি পড়ে আছে। হাইফ্লো ন্যাজাল ক্যানুলা স্বল্পতা ছিল, সেটিও সরকারি-বেসরকারি সবার সম্মিলিত প্রচেষ্ঠায় আমরা গোছাতে সক্ষম হয়েছি। ব্যক্তিগতভাবে অনেকেই এগিয়ে এসেছেন।”
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিপ্লব বড়ুয়া, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম বিএমএর সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী, এস আলম গ্রুপের প্রতিনিধি আকিজ উদ্দিন প্রমুখ।
