কোভিড-১৯: চট্টগ্রামের আরেক চিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও একজন চিকিৎসক মারা গেছেন।
মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক সুলতানা লতিফা জামান আইরিন (৩৪) মারা যান বলে জানান হাসপাতালের উপ-পরিচালক আফতাবুল ইসলাম।
কুমিল্লা মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সুলতানা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগের রেজিস্ট্রার ছিলেন।
সুলতানা শিক্ষাকালীন ছুটিতে ছিলেন।
আফতাবুল ইসলাম বলেন, “ওই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হবার পর প্রথমে মা ও শিশু হাসপাতালেই চিকিৎসা নিয়েছিলেন। পরে শুক্রবার তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয়। পরিস্থিতির অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করানো হয় এবং পরে লাইফ সার্পোটে নেয়া হয়েছিল।”
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১১ জন চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছেন বিএমএ চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী।
তার দেয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামে এ পর্যন্ত ৩৮৫ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
