‘মানসিক ভারসাম্যহীন’ মা ও নবজাতকের ঠাঁই হল বিদ্যানন্দের হাসপাতালে
চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন এক নারী রাস্তায় সন্তান প্রসব করার পর নবজাতকসহ তাকে সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার রাতে নগরীর পতেঙ্গা এলাকায় হাসপাতালটিতে দুজনকে নেওয়ার পর মায়ের অবস্থা খারাপ থাকায় তাকে রক্ত দেওয়া হয়। এখন মা ও নবজাতক ভালো আছেন বলে হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন।
সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের সমন্বয়ক মো. জামাল উদ্দিন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পতেঙ্গা এলাকায় হাসপাতালের অদূরে রাত ১১টার দিকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারী রাস্তায় সন্তান প্রসব করেন। স্থানীয় লোকজন বিষয়টি দেখে তাদের হাসপাতালে নিয়ে আসেন।
“বিষয়টি পুলিশ কর্তৃপক্ষকে জানিয়ে আমাদের চিকিৎসক, নার্সরা তাদের চিকিৎসা দেওয়ার কাজ করে। এ সময় সন্তান জন্ম দেওয়া ওই নারীর রক্তের প্রয়োজন হলে আমাদের স্বেচ্ছাসেবীরা তার রক্তের গ্রুপ নির্ণয় করে এনে রক্ত দিয়েছে।”
জামাল জানান, সন্তান প্রসব করা নারীকে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে ‘মানসিক ভারসাম্যহীন’। নবজাতক কন্যা সন্তান ও মা সুস্থ আছেন। তাদের হাসপাতালের নন-কোভিড ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া জানান, সন্তান প্রসব করা ওই নারী ‘মানসিক ভারসাম্যহীন’। নাম-ঠিকানা কিছু বলতে পারেন না। পুলিশ আশপাশের এলাকায় খোঁজ-খবর নিচ্ছে।
“ওই নারী সুস্থ হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
করোনাভাইরাস সংক্রমিতদের চিকিৎসা দেয়ার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও চট্টগ্রাম নগর পুলিশের উদ্যোগে পতেঙ্গা এলাকায় গড়ে তোলা হয়েছে ১০০ শয্যার ফিল্ড হাসপাতাল। গত ১ জুলাই উদ্বোধন হওয়ার পর সেখানে কোভিড-১৯ আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন।
