২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2020, 06:20 PM

Updated : 08 Apr 2022, 12:56 AM

মঙ্গলবার দুপুরে উপজেলার হাদি ফকির হাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির পরিদর্শক সাইদুল ইসলাম জানান।

নিহতরা হলেন- জহিরুল ইসলাম (৪৭) ও তার সহকর্মী লুৎফর রহমান (৪৫)। তারা মিরসরাইতে বন্ধুচুলা নামে একটি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। জহিরুল প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক।

নিহতদের মধ্যে জহিরুলের বাড়ি মুন্সীগঞ্জে এবং লুৎফরের বাড়ি সিলেটে। তবে চাকরি সূত্রে তারা দুইজনই মিরসরাইতে থাকেন।

পরিদর্শক সাইদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা দুইজন মোটরসাইকেল নিয়ে মিরসরাই সদরের দিকে যাওয়ার পথে পেছন থেকে একটি মিনি ট্রাক তাদের ধাক্কা দেয়।

“মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।”

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।