২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধ ঘরে পৌঁছে দিতে ‘আমার ফার্মেসী’

কোভিড-১৯ সঙ্কটকালে মানুষের বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের কোতোয়ালি থানা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 09:41 PM

Updated : 18 Aug 2022, 03:12 PM

মঙ্গলবার দুপুর থেকে ‘আমার ফার্মেসী’ নামে এ সেবা কার্যক্রম চালু হবে। কোতোয়ালি থানা এলাকার মানুষ হটলাইনে ফোন করলে সাশ্রয়ী মূল্যে চাহিদামতো ওষুধ পৌঁছে দেওয়া হবে বাসায়।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “এক শ্রেণির অসাধু ব্যবসায়ী করোনাকালীন সময়ে মানুষের প্রয়োজনীয় ওষুধের কৃত্রিম সংকট তৈরি করেছে।

“করোনা আক্রান্ত কিংবা সাধারণ জ্বর সর্দির ওষুধ দ্বিগুণ কিংবা তার চেয়ে বেশি দামে বিক্রি করছে। তাদের দৌরাত্ম্য কমাতে এবার আমরা মানুষের বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি।”

কোতোয়ালি থানা এলাকার বাসিন্দারা ০১৮৭০৭০০৭০০ নম্বরে ফোন করে প্রেসক্রিপশন অনুযায়ী কোর্স পরিমাণ ওষুধ সংগ্রহ করতে পারবে। সেজন্য বাজার দামের চেয়ে ১৫ শতাংশ কম মূল্যে পরিশোধ করতে হবে।

বিএম রাইডার্স নামে একটি দলের সদস্যরা মোটর সাইকেল নিয়ে এই সেবায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে বলে জানান ওসি।

এর আগে কোতোয়ালি থানা পুলিশ টেলিমেডিসিন সেবা কার্যক্রমও চালু করেছিল।

পুরনো খবর:

চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের টেলিমেডিসিন সেবা