ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতাদের শোক
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছে চট্টগ্রাম আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও আহলে সুন্নাত ওয়াল জমাআত।
রোববার পৃথক শোক বার্তায় এসব সংগঠনের নেতারা পঁচাত্তর পরবর্তী সময়ে শেখ মোহাম্মদ আবদুল্লাহর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
এক বিবৃতিতে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এই জননেতা জাতির জনক বঙ্গবন্ধু হত্যার পর গোপালগঞ্জ জেলায় আওয়ামী লীগ রাজনীতির হাল ধরেছিলেন এবং বঙ্গবন্ধুর একনিষ্ঠ ভক্ত হিসেবে তার নিজস্ব এলাকায় একজন মাটি ও মানুষের নেতা হিসেবে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।
“তার মৃত্যুতে দেশ ও জাতি এবং দলের অপূরণীয় ক্ষতি সাধিত হলো,” বলা হয় বিবৃতিতে।
পৃথক শোক বার্তায় চট্টগ্রাম-৯ আসনের সাংসদ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ ও বিশ্বস্ত সংগঠককে হারাল।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, রাজনীতিবিদ হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
“দলের বিভিন্ন দায়িত্ব তিনি সফলতার সাথে পালন করেছেন। মুক্তিযুদ্ধ ও দেশের রাজনীতিতে তিনি অসামান্য অবদান রেখেছেন। শেখ মোহাম্মদ আবদুল্লাহ ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের ধারক ও বাহক।”
নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন পৃথক শোক বার্তায় বলেন, সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ একজন বড় মাপের মানুষ ছিলেন। বঙ্গবন্ধুর একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি।
স্মৃতিচারণ করে হাসিনা মহিউদ্দিন বলেন, “চট্টগ্রাম থেকে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে আমরা যখনি টুঙ্গিপাড়া যেতাম তিনি সবসময় খোঁজ খবর নিতেন। এমনকি সেখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠানে যখন এবিএম মহিউদ্দিন চৌধুরী ছিলেন না, তখনও তিনি চট্টগ্রাম থেকে যাওয়া নেতাকর্মীদের খোঁজ খবর নিতেন।”
শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে আহলে সুন্নাত ওয়াল জমাআত এর দপ্তর সচিব মুহাম্মদ ফিরোজ আলম সাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটির নেতারা শোক জানিয়েছেন।
বার্তায় সংগঠনটির নেতারা বলেন, তিনি দীর্ঘদিন যাবত মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে তাহজীব-তমুদ্দনের অভূতপূর্ব উন্নয়নে অসমান্য অবদান রাখেন। রাষ্ট্রীয়ভাবে মিলাদ- কিয়াম, আক্বিদাগত মৌলিক বিষয়গুলো নিয়ে প্রতিষ্ঠার পক্ষে আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছিলেন যা শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়।
