চট্টগ্রামে কোভিড-১৯ উপসর্গ নিয়ে আইনজীবীর মৃত্যু
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক আইনজীবী মারা গেছেন।
রোববার বেলা ৩টার দিকে এ এম মোয়াজ্জেম হোসেন নামে ওই আইনজীবীর মৃত্যু হয় বলে জানান হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জামাল মোস্তফা।
তিনি জানান, ৬৮ বছর বয়েসী ওই আইনজীবী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ৭ জুন সন্ধ্যায় জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আইনজীবী মোয়াজ্জেমের শ্বাসকষ্টের পাশাপাশি কিডনির সমস্যা ছিল।
মোয়াজ্জেম হোসেনের বাড়ি পটিয়া উপজেলার চরকানাই গ্রামে হলেও থাকতেন পৌর সদরে। তিনি পটিয়া উপজেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং পটিয়া আইন কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
