মনজুরকে নওফেলের ফোনে মিটল অক্সিজেন সংকট
চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া দুই হাসপাতাল পরিদর্শন করে সমস্যার সমাধানে ভূমিকা রাখলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আউটসোর্সিংয়ের ৩৬ কর্মীর জন্য তিন লাখ টাকা এবং হলি ক্রিসেন্ট হাসপাতালের জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন তিনি।
শনিবার নগরীর খুলশীতে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চালু হওয়া হলি ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শনে যান নওফেল।
এ সময় ওই হাসপাতালে অক্সিজেন সংকটের কথা জেনে তিনি ‘গোল্ডেন অক্সিজেন লিমিটেডের’ মালিক সাবেক সিটি মেয়র মনজুর আলমের সাথে যোগাযোগ করে অক্সিজেন সরবরাহের অনুরোধ করেন।
এদিকে শনিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কর্মীদের জন্য এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে তিন লাখ টাকা দেন নওফেল।
গত বৃহস্পতিবার ওই হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসা কার্যক্রম পরিদর্শনে গেলে এই কর্মচারীরা জানান, ‘প্রশাসনিক জটিলতায়’ তাদের তিন মাসের বেতন বকেয়া পড়েছে। এই অবস্থায় ঝুঁকি নিয়ে তারা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবায় কাজ করছেন।
এরপর শনিবার শিক্ষা উপমন্ত্রী নওফেল ওই কর্মচারীদের ‘প্রণোদনার’ জন্য তিন লাখ টাকা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. শফিকুল ইসলামের কাছে হস্তান্তর করেন।
চট্টগ্রামের জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই টাকা থেকে ৩৬ কর্মচারীর প্রত্যেকে প্রণোদনা হিসেবে আট হাজার টাকা করে পাবেন।
অর্থ মন্ত্রণালয় গত জানুয়ারি থেকে সব সরকারি হাসপাতালে আউটসোর্সিংয়ের জন্য বরাদ্দ বন্ধ করে দিলে সংকটে পড়েন এই কর্মচারীরা।
এর আগে শুক্রবার পরিদর্শনে গিয়ে হালিশহরে করোনা আইসোলেশন সেন্টার, চট্টগ্রামের জন্য তিন লাখ টাকা এবং বৃহস্পতিবার ফিল্ড হাসপাতালে এক লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছিলেন নওফেল।
পাশাপাশি জেনারেল হাসপাতাল, ফিল্ড হাসপাতাল এবং বিআইটিআইডিতে বিভিন্ন সময় সুরক্ষা সামগ্রিসহ বিভিন্ন উপকরণও দেন তিনি।
