২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাইক নিয়ে কসরৎ, সৈকতে বেড়ানো সবই চলছে পতেঙ্গায়

পতেঙ্গা সৈকত সংলগ্ন সিটি আউটার রিং রোডে মোটর সাইকেল নিয়ে চলছে যুবকদের নানা কসরৎ। সৈকতেও কয়েকশ মানুষের উপস্থিতি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2020, 10:53 PM

Updated : 10 Oct 2022, 07:13 PM

পতেঙ্গা সমুদ্র সৈকত ও রি রোডে এমন জমজমাট চেগারা দেখে বোঝার উপায় নেই দেশে যে করোনাভাইরাস মহামারীর আতঙ্ক চলছে।

শুক্রবার বিকালে আউটার রিং রোডের আকমল আলী সড়ক সংলগ্ন অংশে ভ্রাম্যমাণ আদালত হাজির হলে বাইক নিয়ে কসরৎ করতে থাকা অন্তত ৩০ জন চম্পট দেয়।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে যখন জনসমাগম ও পর্যটন স্পটে যাতায়াতে নিষেধাজ্ঞা আছে, তখন পতেঙ্গা সৈকতে কয়েক’শ মানুষের উপস্থিতি দেখতে পায় অভিযান দল।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পতেঙ্গা সৈকতে গিয়ে দেখি শিশু-কিশোর, তরুণ-তরুণী, বৃদ্ধসহ সব বয়সী লোকজনের সমাগম সেখানে।

“তাদের মধ্যে কেউ ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সপরিবারে ঘুরতে এসেছিল। বিলাসবহুল গাড়ি নিয়েও সমুদ্র বিলাসে এসেছিল কয়েকটি পরিবার। সমুদ্র তীরে ক্রিকেট, ফুটবলও খেলছিল কিশোর-তরুণরা।”

তিনি বলেন, “এরকম অবস্থায়, প্রচুর লোক সমাগম থাকায় সময় ও পরিস্থিতি বিবেচনায় জরিমানা করা সম্ভব হয়নি।”

পুলিশ পরে লোকজনকে সৈকত ও আউটার রিং রোড থেকে সরিয়ে দেয়।

এরআগে অভিযানের শুরুতে আউটার রিং রোডের ইপিজেড থানার আকমল আলী সড়ক সংলগ্ন এলাকায় গিয়ে অভিযান দল দেখতে পায়, আনুমানিক ২৫-৩০টি মোটর বাইক নিয়ে তরুণরা স্ট্যান্ট করছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, তাদের দেখে অত্যন্ত দ্রুত বেগে বিপদজ্জনকভাবে বাইক নিয়ে পালিয়ে যায় তারা।

“যেসব মোটর সাইকেল এবং ঘুরতে আসা ব্যক্তিগত গাড়ির নম্বর যোগাড় করা সম্ভব হয়েছে সেগুলোর লাইসেন্স বাতিলের জন্য বিআরটিএকে আমরা সুপারিশ পাঠাব।”

অভিযানে পতেঙ্গা ও ইপিজেড থানার পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশ অংশ নেয়।