কোভিড-১৯: চট্টগ্রাম জেলায় নতুন শনাক্ত ২০৭
চট্টগ্রাম জেলায় নতুন করে আরও ২০৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের বিআইটিআইডি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), কক্সবাজার মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৭৩৮টি নমুনা পরীক্ষা করে এ ফল আসে বলে জানান সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।
এদিন থেকে চবি ও ইম্পেরিয়াল হাসপাতালে ল্যাব থেকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফল যুক্ত হচ্ছে।
ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ২৬৩ টি নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ২৬ জনের, এর মধ্যে মহানগরী এলাকার ১০জন এবং বিভিন্ন উপজেলার ১৬ জন আছেন।
সিভাসু ল্যাবে ১৫৮ নমুনা পরীক্ষা করে পজিটিভ মিলেছে ৪৪ জনের, এর মধ্যে মহানগরী এলাকার পাঁচ এবং বিভিন্ন উপজেলার ৩৯ জন রয়েছেন।
চবি ল্যাবে পরীক্ষা হয় ১১৭টি নমুনা। এতে পজিটিভ মিলেছে ৫৮ জনের। এর মধ্যে একজন বাদে সকলেই বিভিন্ন উপজেলার বাসিন্দা।
নগরীর বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে প্রথমবারের মতো পরীক্ষা করা ১৩৮ নমুনায় পজিটিভ মিলেছে ৭২ জনের এবং এরা সকেলই মহানগরীর বাসিন্দা।
কক্সাবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা হয় চট্টগ্রামের ৬২টি নমুনা। এর মধ্যে বিভিন্ন উপজেলার সাতজনের পজিটিভ পাওয়া গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের হিসেব মতে, বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস সংক্রমিত সংখ্যা দাঁড়াল চার হাজার ৫৯৮ জনে।
