২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেলে পুলিশ সার্জেন্টের মৃত্যু, নমুনা সংগ্রহ

চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের একজন সার্জেন্ট হাসপাতালে মারা যাওয়ার পর করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2020, 01:04 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

সার্জেন্ট মাহবুবর রহমান (৫০) চট্টগ্রাম ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয় বলে পুলিশ  উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে বাসায় অসুস্থ বোধ করলে সার্জেন্ট মাহবুব নিজেই হাসপাতালে চলে যান।

“তখন সেখানে ডাক্তাররা পরীক্ষা করলেও কোনো সমস্যা ধরা পড়েনি। রাত ১০টার দিকে হাসপাতালেই সার্জেন্ট মাহবুবের স্ট্রোক করে।"

উপ-কমিশনার শহীদুল্লাহ জানান, ডায়াবেটিসহ বিভিন্ন সমস্যা ছিল সার্জেন্ট মাহবুবের। বয়সের কারণে এই করোনাভাইরাস মহামারীর মধ্যে তাকে কিছুদিন সাধারণ ডিউটি থেকে বিরত রাখা হয়েছিল।

মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, সার্জেন্ট মাহবুব করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিনা তা জানতে মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে যোগ দেন মাহবুব। তিনি ঢাকা মহানগর, হাইওয়ে পুলিশ ও সিলেট রেঞ্জেও দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলায়।