এবার তিন হাসপাতাল ঘুরে মারা গেলেন চট্টগ্রাম বিএনপির নেতা
সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছগীরের ভাগ্য বরণ করতে হল চট্টগ্রাম মহানগর বিএনপির এক নেতাকে।
শ্বাসকষ্ট নিয়ে তিন হাসপাতাল ঘোরার পর অন্য একটিতে ভর্তি হতে পারলেও বাঁচানো যায়নি চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি কামাল উদ্দিন কন্ট্রাক্টরকে।
৬০ বছর বয়সী কামাল বুধবার রাত আড়াইটার দিকে নগরীর ট্রিটমেন্ট নামের বেসরকারি একটি হাসপাতালে মারা যান।
মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ওই হাসপাতালটির মালিক।সেখানে তাকে অক্সিজেন দেয়া গেলেও তিনটি আইসিইউ বেডের কোনোটি খালি না থাকায় তাকে সেই সুবিধা দেয়া যায়নি।
কামাল উদ্দিন নগরীর সরাইপাড়া এলাকার বাসিন্দা।
শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুধু অক্সিজেন ও আইসিইউ সুবিধার জন্য তাকে কয়েকটি হাসপাতালে ঘুরতে হয়েছে। যথাসময়ে চিকিৎসা পেলে হয়তো তিনি মারা যেতেন না।”
এর আগে বুক ব্যথা নিয়ে মঙ্গলবার কয়েক হাসপাতাল ঘুরে ভর্তি হতে না পেরে গাড়িতেই মারা যান বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম ছগীর। তার করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না।
বিএনপি নেতারা জানিয়েছেন, বুক ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে কামাল উদ্দিন নগরীর বেসরকারি ম্যাক্স এবং পার্কভিউ হাসপাতালে যোগাযোগ করেও সেখানে ভর্তি হতে পারেননি। পরে মা ও শিশু হাসপাতালে গেলেও সেখানে অক্সিজেন সুবিধাযুক্ত বেড তাকে দেয়া যায়নি।
পেশায় চিকিৎসক বিএনপিনেতা শাহাদাত বলেন, “কামাল ভাইয়ের করোনা উপসর্গ ছিল এবং অক্সিজেন স্যাচুরেশন দ্রুত কমে যাচ্ছিল। তার শ্বাসকষ্টও ছিল। সেজন্য অক্সিজেন দেয়া খুবই জরুরি ছিল।কিন্তু কয়েকটি হাসপাতাল ঘুরেও তিনি সে সুবিধা পাননি।
“পরে রাতে তাকে ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করিয়ে অক্সিজেন দেয়া হলেও তার স্যাচুরেশন কমছিল না।”
তিনি বলেন, “পরিস্থিতির অবনতি হলেও, ট্রিটমেন্ট হাসপাতালের তিনটি আইসিইউ বেডের কোনোটি খালি না থাকায় সে সুবিধাও দেয়া যায়নি। রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে তিনি মারা যান।”
করোনাভাইরাসের উপসর্গ থাকলেও নমুনা পরীক্ষায় কামাল উদ্দিন নেগেটিভ ছিলেন বলেও জানান তিনি।
শাহাদাত ক্ষোভ প্রকাশ করে বলেন, “করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে যে চিকিৎসা সেবা পাওয়ার কথা, সাধারণ জনগণ সে সুবিধা থেকে বঞ্চিত। বৈশ্বিক এ মহামারী মোকাবেলায় কোনো পরিক্ল্পনাই সরকারের নেই। মুখে নানা কথা বললেও চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর অবস্থাকেই ইঙ্গিত করে।”
কামাল উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম মহানগরের সভাপতি শাহাদাত হোসেন।
