চট্টগ্রামে ওষুধের বাজারে অভিযান, গ্রেপ্তার-জরিমানা
চট্টগ্রামের পাইকারি ওষুধ বাজার হাজারি গলিতে র্যাব-পুলিশের আলাদা অভিযানে তিনজনকে গ্রেপ্তার ও ১১ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে।
রোববার হাজারি গলিতে জেলা প্রশাসনের চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। আর অতিরিক্ত দাম রাখার কারণে তিনজনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেপ্তার তিন জন হলেন- মো. আশরাফ (২৮), অনিক ধর (১৮) ও মো. আকবর হোসেন (১৮)।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাস সংকটকালে কিছু আসাধু ব্যবসায়ী ওষুধের দাম বাড়ানোর পাশাপাশি নকল পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করছে। এছাড়াও অনেকে ওষুধ প্রশাসনের অনিবন্ধিত বিদেশি ওষুধও বিক্রিসহ প্যাকেটের গায়ে লেখা দাম কাটাছেঁড়া করে বেশি দামে বিক্রিও করার প্রমাণ পাওয়া গেছে।
ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, বেশকিছু দিন ধরে অভিযোগের প্রেক্ষিতে রোববার জেলা প্রশাসনের চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযানে র্যাব ও ওষুধ প্রশাসন অধিদপ্তরও অংশ নেন।
অভিযানে হাজারি গলির ২৯টি ওষুধ দোকানের মালিককে ১০ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ, প্যাকেটের গায়ে দামের কাটাছেঁড়া ও অবৈধ বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। যার আনুমানিক দাম ১৫ লাখ টাকা জানান ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
১৫০ টাকার ওষুধ ১ হাজার টাকা!
কোতোয়ালি থানা পুলিশের অভিযানে ওষুধের দাম বেশি রাখায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবারের মতো রোববার দুপুরেও হাজারি গলিতে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এই সময় দোকানদারদের নায্য মূল্যে ওষুধ বিক্রির পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহবান জানানো হয়।
পাশাপাশি কোনো দোকানে ওষুধের দাম বেশি দাবি করা হলে অভিযোগ জানানো জন্য ক্রেতাদেরও আহবান জানানো হয়।
এসময় এক ক্রেতা পুলিশকে এসে জানান, ‘ইভেরা সিক্স’ নামে এক পাতা ট্যাবলেট তার কাছ থেকে এক হাজার টাকা দাবি করেছে মেসার্স এ গফুর ফার্মা নামে নামে একটি ওষুধের দোকানে, যদিও এর দাম ১৫০ টাকা।
ওসি মহসিন বলেন, “ওই ক্রেতা দোকানটিতে ইভেরা সিক্স নামে ওষুধটি কিনতে গেলে এক হাজার টাকা দাবি করা হয়। পরবর্তীতে ওই ক্রেতা অন্য দোকানে গিয়ে সেটার খোঁজ নিলে তা পাওয়া যায়নি। বাধ্য হয়ে ওই ওষুধ কিনতে গেলে পরবর্তীতে দোকানদার তাকে ফিরিয়ে দেন।”
অভিযোগ পেয়ে ওই দোকানে অভিযান চালানো হলে তার প্রথমে ওষুধ থাকার কথা অস্বীকার করে পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ১৩টি ওষুধ বের করে দেয় বলে জানান ওসি।
এসময় দোকান থেকে তিন জনকে গ্রেপ্তার করা হলেও কফিল উদ্দিন (২৮) নামে একজন কৌশলে পালিয়ে যান। গ্রেপ্তার তিন জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি মহসিন।
