চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ছাড়াল
চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। বুধবার নতুন ২১৫ জন রোগী শনাক্ত হয়েছে।
ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করা পরীক্ষায় এ সংক্রমণ শনাক্ত হয় বলে জানান জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।
বুধবারসহ মিলিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ২০০ জনে।
বিআইটিআইডি ল্যাবে এদিন নমুনা পরীক্ষা হয় ২০৯টি। এতে করোনাভাইরাসে সংক্রমণ পাওয়া গেছে ৩৮টিতে। এর মধ্যে মহানগরী এলাকার ৩৭জন এবং উপজেলার একজন।
সিভিল সার্জন জানান, চমেক ল্যাবে ২৫৯টি নমুনা পরীক্ষায় সংক্রমণ পাওয়া গেছে ১৩৮ জনের। এর মধ্যে মহানগরী এলাকার ১২৯জন এবং বিভিন্ন উপজেলার নয়জন।
সিভাসু ল্যাবে ১০০ নমুনা পরীক্ষায় চট্টগ্রামের করোনাভাইরাস পজিটিভ মিলেছে ৩৬ জনের। এর মধ্যে ১৬ জন মহানগরী এবং ২০জন বিভিন্ন উপজেলার।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ৩৪টি নমুনা পরীক্ষা হয়। এতে করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া গেছে তিনজনের। এরা সকলেই মহানগরী এলাকার বাইরের।
সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুসারে, ৬০২টি নমুনা পরীক্ষায় এদিন করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ২১৫ জনের।
এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬১জন। আর সুস্থ হয়েছে ১৯১জন।
