২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আসা-যাওয়ায় ফের কড়াকড়ি

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় চট্টগ্রাম মহানগরীতে আগমন-বহির্গমনে ফের নিয়ন্ত্রণ আরোপ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2020, 07:34 PM

Updated : 18 Aug 2022, 03:02 PM

রোববার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া এ ব্যবস্থা থাকবে বলে সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এর আগে গত ৬ এপ্রিল সিএমপির পক্ষ থেকে একই ধরনের নির্দেশনা দেয়া হলেও নগরীতে ব্যক্তিগত যানবাহন, রিকশাসহ বিভিন্ন পরিবহন অবাধে চলাচল করছে।

তেমনি নগরবাসীও বিভিন্ন উপায়ে রাস্তায় বের হয়ে জটলা তৈরিসহ ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় কোন সামাজিক দূরত্ব মানছেন না।

রোববার সিএমপির জনসংযোগ দপ্তর থেকে দেয়া নির্দেশনায় বলা হয়, কোনো ব্যক্তি বা পরিবহন একান্ত জরুরি প্রয়োজন ছাড়া মহানগরীতে প্রবেশ বা বাইরে যেতে না পারেন সেজন্য সকল প্রবেশমুখে চেক পোস্ট জোরদার করা হয়েছে।

জরুরি সেবা ও রপ্তানি পণ্য সরবরাহ কাজে নিয়োজিত ব্যক্তি বা যানবাহন এ নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে বলে নির্দেশনায় জানানো হয়।

এতে বলা হয়, সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহন নগরীতে প্রবেশ বা বাইরের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।