২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে করোনাভাইরাসে আ. লীগ নেতার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2020, 12:11 AM

Updated : 18 Aug 2022, 03:01 PM

প্রয়াত মো. হোসেন মুরাদ (৫০) নগরীর ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার সকাল পৌনে ৮টার দিকে ওয়ার্ডের মুনিরনগর মুন্সিপাড়া এলাকায় নিজ বাড়িতে মারা যান হোসেন মুরাদ।

রাতে তার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান জানিয়েছেন।

স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে ৩৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন হোসেন মুরাদ।

আবদুল মান্নান জানান, গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন হোসেন মুরাদ। রোববার কোভিড-১৯ পরীক্ষার জন্য তার নমুনা নেওয়া হয়। সেই পরীক্ষার ফল পাওয়া গেল বুধবার রাতে। 

এর আগে সকালে নিজ বাড়িতে থাকা অবস্থায় তার শ্বাসকষ্ট বেড়ে যায়। তখন তাকে হাসপাতালে নিতে একটি অ্যাম্বুলেন্স এলেও তাতে তোলার আগেই তিনি মারা যান। বিকালে স্বাস্থ্য বিধি মেনে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মো. হোসেন মুরাদের এক ছেলে রয়েছে।