চট্টগ্রামে আক্রান্ত ৫০০ ছাড়াল
চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে। ১৩ পুলিশ সদস্যসহ বুধবার একদিনে সর্বোচ্চ ৯৫ জন রোগী শনাক্ত হয়েছেন।
এদিন চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে করা নমুনা পরীক্ষায় এ সংক্রমণ ধরা পড়ে।
সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুযায়ী, চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৫১২ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে গত ২৬ মার্চ চট্টগ্রাম জেলায় সর্বপ্রথম করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়। পরবর্তীকালে চমেক ও সিভাসু ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
দেড় মাসেরও বেশি সময়ের ব্যবধানে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা অর্ধ সহস্রাধিক ছাড়াল।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিআইটিআইডি ল্যাবে এদিন ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়, ৪৯ জনের সংক্রমণ ধরা পড়ে।
এর মধ্যে চট্টগ্রাম জেলার ৩৮ জন এবং বাকি ১১জন ভিন্ন জেলার বাসিন্দা।
চট্টগ্রাম জেলার ৩৮ জনের মধ্যে মহানগরী এলাকার রয়েছেন ৩৩ জন। চন্দনাইশ, পটিয়া, রাউজান উপজেলার একজন করে এবং সাতকানিয়া উপজেলার দুজন আছেন।
বিআইটিআইডির নমুনা পরীক্ষায় চট্টগ্রামের সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকীসহ ১৩ পুলিশ সদস্য রয়েছেন। এর মধ্যে নগরীর সদরঘাট থানারই আটজন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার ৪৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ মেলে বলে জানান সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।
এর মধ্যে ৪১টি নমুনা নগরীর এবং বাকি চারটি বিভিন্ন উপজেলার।
সিভাসু ল্যাবে বুধবার মোট ৪৬ টি নমুনা পরীক্ষায় ২০ জনের করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া গেছে জানিয়ে সিভিল সার্জন বলেন, এর মধ্যে চট্টগ্রাম জেলার ১২ জন এবং বাকিরা ভিন্ন ভিন্ন জেলার।
চট্টগ্রাম জেলার ১২ জন বাঁশখালী উপজেলার বলে জানান তিনি।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার দুই বাসিন্দার নমুনা পরীক্ষা করা হলেও সেখানে করোনাভাইরাস আক্রান্ত কাউকে পাওয়া যায়নি বলে জানান সিভিল সার্জন।
চট্টগ্রামে বুধবার পর্যন্ত ৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে সিভিল সার্জন কার্যালয়ের হিসেব। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ২৬ জন।
