২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: চট্টগ্রামে একদিনে ৩ মৃত্যু

চট্টগ্রাম জেলায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2020, 10:54 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

বুধবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একজন, ফিল্ড হাসপাতাল থেকে জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একজন এবং ফৌজদারহাটের বিআইটিআইডির আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অন্যজন মারা যান।

বুধবার সকালে বিআইটিআইডি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী মারা যায় বলে জানান সেখানকার দায়িত্বরত চিকিৎসক নাসরিন আক্তার।

তিনি জানান, মঙ্গলবার বিকালে ফিরোজ শাহ কলোনি এলাকার ৭২ বছর বয়েসী বাসিন্দা ওই রোগী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। তার অবস্থা সংকটজনক ছিল।

নাসরিন বলেন, মৃত্যুর পর ওই রোগীর নমুনা সংগ্রহ করা হয়। বুধবার বিআইটিআইডির ল্যাবে করা পরীক্ষায় ওই ব্যক্তির করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

এদিকে বুধবার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৭৬ বছর বয়েসী করোনাভাইরাস আক্রান্ত এক বৃদ্ধ মারা যান বলে সেখানকার সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান।

বেসরকারি পার্ক ভিউ হাসপাতাল থেকে ওই বৃদ্ধকে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ার পর জেনারেল হাসপাতালে গত ৯ মে পাঠানো হয়েছিল। স্ট্রোক করা ওই রোগী হাসপাতালের আইসিইউতে শুরুর দিন থেকেই চিকিৎসাধীন ছিলেন। তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন সমস্যা ছিল।

চট্টগ্রামের পটিয়ার ৫৮ বছর বয়েসী এক বাসিন্দা নগরীর ফিল্ড হাসপাতাল থেকে জেনারেল হাসপাতালে নেয়ার পথে বুধবার সন্ধ্যা ৬টার দিকে মারা যান। তিনি পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের পশ্চিম চাফড়া এলাকার বাসিন্দা।

তার মেয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১১ মে তার বাবার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।পরে তাকে ফৌজদারহাটের ফিল্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে জেনারেল হাসপাতালে নেওেয়ার পথে মৃত্যু হয়।

এ নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ২৬ জন। সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুযায়ী এ পর্যন্ত করোনা ভাইরাসে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮০জন।