চট্টগ্রামে সাংবাদিক-পুলিশসহ আরও ৮৭ কোভিড-১৯ রোগী শনাক্ত
ফৌজদারহাটের বিআইটিআইডিসহ তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় একদিনে পুলিশ-সাংবাদিকসহ সর্বোচ্চ ৮৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
মঙ্গলবার বিআইটিআইডিতে ২৪৮টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায় বলে জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
এর মধ্যে চট্টগ্রাম জেলায় ২৭ জন, লক্ষ্মীপুরের একজন, ফেনীর দুইজন ও রাঙামাটির একজন। চট্টগ্রাম জেলার ২৭ জনের মধ্যে মহানগরীর ২৫ জন এবং সীতাকুণ্ড ও পটিয়া উপজেলার একজন করে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার ১২২টি নমুনা পরীক্ষায় ৫৪ জনের করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে বলে জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান।
এদের সবাই চট্টগ্রাম জেলার। এর মধ্যে পুরনো এক রোগীও আছেন। সে হিসেবে নতুন ‘পজিটিভ’ ব্যক্তি হলেন ৫৩ জন।
এর মধ্যে চট্টগ্রাম মহানগরী এলাকার ৪৯ জন এবং পটিয়া উপজেলার দুইজন, সন্দ্বীপের এক ও হাটহাজারী উপজেলার একজন।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সে বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৭০টি নমুনা পরীক্ষা করে ২০টিতে করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া যায়।
সিভিল সার্জন জানান, এর মধ্যে লক্ষ্মীপুরের ১৫ জন, ফেনীর দুইজন, চট্টগ্রাম জেলার দুইজন এবং নোয়াখালী জেলার একজন।
অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও লোহাগাড়ার মোট ৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের ‘পজিটিভ’ এসেছে। এদের মধ্যে সাতকানিয়ার এক এবং লোহাগাড়ার চারজন।
চট্টগ্রাম জেলায় আক্রান্তদের মধ্যে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ছাড়াও চট্টগ্রামের একজন সাংবাদিক ও তিনজন পুলিশ সদস্যও আছেন।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) আবদুল ওয়ারিশ জানান, নগর পুলিশের তিন সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয়জন।
আক্রান্ত সাংবাদিক হলেন ইউএনবির চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম শিল্পী। তিনি নগরীর নুর আহমদ সড়কে নিজ বাসায় আইসোলেশনে আছেন।
মঙ্গলবারের ৮৭জনসহ চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২০ জনে। এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মারা গেছে ২৩ জন।
