করোনাভাইরাস সঙ্কটে অমানবিক হবেন না: নাছির
করোনাভাইরাস সঙ্কটকালে অমানবিক আচরণ না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
সোমবার ৮ নম্বর শুলকবহর ও ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে স্থানীয় ইউনিটের নেতাকর্মীদের মাঝে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণের সময় তিনি এ আহ্বান জানান।
নগরবাসীর উদ্দেশে নাছির বলেন, “শারীরিকভাবে কেউ অসুস্থ হলেও মনে সাহস রাখতে হবে। আত্মবিশ্বাস থাকলেও অনেকটা সুস্থ হওয়া যায়।
“করোনাভাইরাস নিয়ে ভীত হয়ে কারও সাথে অমানবিক আচরণ করবেন না। পরিবারের একজন সদস্য যখন অসুস্থ হয়ে পড়ে তার কী অসুখ হলো না জেনেই তাকে অবহেলা করে দূরে ঠেলে দেওয়া ঠিক হবে না। আমাদের উচিত নিজেকে সুরক্ষিত রেখে আক্রান্তদের সেবা করা।”
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৃহীত লকডাউন পরিস্থিতিতে মানুষের কষ্টের কথা উল্লেখ করে নাছির বলেন, “সরকার পর্যায়ক্রমে কিছু কিছু সেক্টর খুলে দেওয়ার চেষ্টা করছে। যেহেতু এটি রোজার মাস, কিছু জীবন-জীবিকার ব্যবস্থা যাতে মানুষ করতে পারে সেই ব্যবস্থাই নেয়া হচ্ছে।
“দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় করোনাভাইরাস এক বিরাট ধাক্কা হয়ে এসেছে। তবে এতে ভীত না হয়ে মোকাবেলার মনোভাব ও সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কৃষি সম্পাদক হাজী আহমেদুর রহমান সিদ্দিকী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, কার্যনির্বাহী সদস্য বখতেয়ার উদ্দিন খান, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক আনছারুল হক এসময় উপস্থিত ছিলেন।
