এই সঙ্কটে মানুষের পাশে দাঁড়াতে হবে: মেয়র নাছির
করোনাভাইরাস সঙ্কটকালে নিজেকে নিরাপদ রেখে অন্যকে বাঁচানোর দায়িত্ব নিতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের মেয়র ও নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
রোববার নগরীর মিয়াখান নগর এলাকায় ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের দলীয় কর্মীদের রমজানের উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
নাছির বলেন, “সরকার যখন দেশের মানুষকে বাঁচানোর আপ্রান চেষ্টা করছে, তখন সরকারকে সহায়তার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। মাসের পর মাস সবকিছু যেমন বন্ধ রাখা যাবে না, তেমনি শর্ত দিয়ে কোন কিছু খুলে দিলে তা মেনে চলার জন্যও আমাদের কঠোর হতে হবে।
“বাংলাদেশ এই মূহুর্তে করোনা যুদ্ধে কঠিন ক্রান্তিকাল পার করছে। নিজেকে নিরাপদ রেখে অন্যকে বাঁচানোর দায়িত্বশীল হওয়ার কঠিন ব্রত নিতে হবে। সেই ব্রত পালনে চাই দৃঢ়চিত্ত মনোবল ও মানসিক শক্তি।”
সিটি মেয়র নাছির বলেন, “করোনার এই দূর্যোগকালীন সময়েও কিছু কিছু রাজনৈতিক দল শুধু বক্তব্য দিয়েই সরকারের অহেতুক সমালোচনা করছেন।”
এই দূর্যোগকালীন সময়ে জনগনের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আতংকিত না হয়ে নিজেকে নিজে সুস্থ রাখুন। অতীব প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না।”
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “এই দুর্যোগে বিচলিত না হয়ে সবাইকে ধৈর্য ও সংযমের মাধ্যমে সমন্বিতভাবে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলা করতে হবে।”
নগর কমিটির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার নগরীর ২০ নম্বর দেওয়ান বাজার ও ২১ নম্বর জামালখান ওয়ার্ডেও দলীয় কর্মীদের রমজানের উপহার বিতরণ করা হয়।
এসময় নগর কমিটির সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানস রক্ষিত, কার্যনির্বাহী সদস্য নুরুল আমিন শান্তি, বখতেয়ার উদ্দিন খান ও সাইফুদ্দিন খালেদ বাহার উপস্থিত ছিলেন।
