চট্টগ্রামের আরও ১১ জনের করোনাভাইরাস সংক্রমণ
চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার আরও ১১ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
শুক্রবার চট্টগ্রামের বিআইটিআইডিতে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের নমুনায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে বলে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪ জনের মধ্যে দুইজন লক্ষ্মীপুরের এবং ১২ জন চট্টগ্রামের। চট্টগ্রামের ১২ জনের মধ্যে একজন পুরনো রোগীর পুনরায় পজিটিভ এসেছে।
বিআইটিআইডি ও সিভাসুর ল্যাবে পরীক্ষায় চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলার ২০৪ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।
এদিন শনাক্ত হওয়াদের মধ্যে চট্টগ্রামের পটিয়া ও সাতকানিয়া উপজেলায় একজন করে, মহানগরীর সল্টগোলা, কদমতলী, দেওয়ানহাট, অক্সিজেন, পাহাড়তলী এলাকা ও পার্কভিউ হাসপাতালের একজন করে এবং ফৌজদারহাটের ফিল্ড হাসপাতালে দুইজন ও হালিশহর এলাকার দুইজন রয়েছেন।
