সুরক্ষার দাবিতে চট্টগ্রামে বন্দরকর্মীদের বিক্ষোভ
কোভিড-১৯ এ চট্টগ্রাম বন্দরের এক কর্মচারীর মৃত্যুর পর তার সহকর্মীরা তাদের সুরক্ষার দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছেন।
পরে কর্মকর্তাদের পক্ষ থেকে কর্মীদের সুরক্ষার ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ওয়ান স্টপ বিভাগের কর্মচারীরা কাজে যোগ দেন।
চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) মো. জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটিকে ঠিক বিক্ষোভ বলা যাবে না। করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ জানার পর কর্মচারীরা তাদের সুরক্ষার দাবি তুলেছেন।
“পরে আমরা গিয়ে তাদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার কথা দিয়েছি এবং তারা কাজে যোগ দেন।”
কর্মীদের বিক্ষোভের কারণে বৃহস্পতিবার সকাল দশটা থেকে ঘণ্টাখানেক ওয়ান স্টপ সেন্টারে কোনো কাজ হয়নি।
বন্দরের কর্মীরা জানিয়েছেন, বন্দরের ওয়ান স্টপ সেন্টারের ৫৬ বছর বয়েসী একজন বিল ক্লার্ক করোনাভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে গত মঙ্গলবার হাসপাতালে মারা যান। বুধবার নমুনা পরীক্ষায় তার সংক্রমণ ধরা পড়ে।
বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হলে সকাল থেকে ওয়ান স্টপ বিভাগের কর্মীরা তাদের সুরক্ষার দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন।
বন্দরের ওয়ানস্টপ সেন্টারে সাধারণত জাহাজের পণ্য ওঠানামা, আমদানি পণ্য খালাসের বিল-নথি জমা দেয়ার কাজ হয়।
মারা যাওয়া ওই ব্যক্তির স্বজনরা জানিয়েছেন, তার বাড়ি ঝালকাঠিতে হলেও পরিবার নিয়ে থাকতেন হালিশহরে। গত ১ মে ওই কর্মচারীর জ্বর আসে। পরদির জ্বর নিয়েই তিনি অফিস করেন। বন্দর হাসপাতালে গেলে ওষুধ দিয়ে তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়।
গত মঙ্গলবার ওই ব্যক্তির শরীর আরও খারাপ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।
চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) মো. জাফর আলম বলেন, “ওই কর্মচারী অসুস্থ হওয়ার পর থেকেই কাজে আসছিলেন না। তারপরও সুরক্ষার বিষয়টি মাথায় রেখে তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের শনাক্ত করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।”
এছাড়া সুরক্ষার অংশ হিসেবে প্রতিদিন আসা সিঅ্যান্ডএফ কর্মচারীরা যাতে লাইনে সামাজিক দূরত্ব মেনে আসেন সে উদ্যোগ নেয়া হয়েছে। কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা বিধির সব বিষয় কঠোরভাবে পালন করা হবে বলেও জানান তিনি।
