চট্টগ্রামে আরও ১১ কোভিড-১৯ রোগী শনাক্ত
ফৌজদারহাটের বিআইটিআইডিতে পরীক্ষায় চট্টগ্রাম জেলায় আরও ১১ জনের নমুনায় করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া গেছে।
বুধবার বিআইটিআইডি ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের নমুনায় করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া যায় বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নমুনা পজিটিভ হওয়াদের মধ্যে একজন লক্ষ্মীপুর জেলার এবং বাকি ১১জন চট্টগ্রামের। চট্টগ্রামের ১১ জনের মধ্যে মৃত তিনজনের নমুনায় পজিটিভ মেলে।”
চট্টগ্রামের আক্রান্তদের মধ্যে তিনজন বিভিন্ন উপজেলায় এবং বাকিরা মহানগরী এলাকার।
চট্টগ্রামের সাতকানিয়ায় একজন, সীতাকুণ্ডে দুইজন, নগরীর দামপাড়া পুলিশ লাইনের দুইজন, সাগরিকা এলাকার একজন, নাসিরাবাদ এলাকার একজন, বহদ্দারহাট এলাকার একজন, রাহাত্তারপুল এলাকার (মৃত) একজন, চমেক হাসপাতালের (মৃত) একজন এবং চান্দগাঁও এলাকার (মৃত) একজন রয়েছেন।
এদের মধ্যে দুইজন ট্রাফিক কনস্টেবল রয়েছেন উল্লেখ করে নগর পুলিশের বিশেষ শাখার উপ কমিশনার আবদুল ওয়ারিশ জানান, তাদের একজন পুলিশ হাসপাতাল এবং অন্য জন ফিল্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এ নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের ২১ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ইতোমধ্যে পাঁচজন পুলিশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে বুধবার চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ৭২টি। এর মধ্যে কোভিড-১৯ ‘পজিটিভ’ মিলেছে আটজনের। তাদের একজন ফেনীর, চারজন লক্ষ্মীপুরের এবং তিনজন নোয়াখালীর।
চট্টগ্রামের বিআইটিআইডি ও সিভাসু ল্যাবে পরীক্ষায় এ পর্যন্ত ১৩৫ জনের নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল। বাইরের জেলা থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেলার বাসিন্দা রয়েছেন আরও চারজন।
এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস আক্রান্ত মারা গেলেন ১২ জন।
