২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালেও কোভিড-১৯ এর চিকিৎসা

চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালকে কোভিড-১৯ চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে, যেখানে আক্রান্ত পুলিশ সদস্যরা চিকিৎসা নেবেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2020, 09:34 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “১০০ শয্যার হাসপাতালের একটি অংশকে করোনাভাইরাস সংক্রমিতদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। ১৮ শয্যার ওই অংশে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হবে।”

হাসপাতালে অক্সিজেন সুবিধা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো রোগীর আইসিইউ ও ভ্যান্টিলেটর প্রয়োজন হলে বিশেষায়িত হাসপাতালে পাঠানো হবে।

চট্টগ্রাম নগর পুলিশের এক সহকারী কমিশনারসহ ইতোমধ্যে ১৯ সদস্য কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। সহকারী কমিশনার ও এক ট্রাফিক কনস্টেবলের নমুনা পরীক্ষার ফল বুধবার পজিটিভ এসেছে।

আক্রান্ত সহকারী কমিশনার ছাড়া অন্যদের মধ্যে ১৩ জন ট্রাফিক উত্তর বিভাগের, একজন বন্দর বিভাগের কনস্টেবল। এছাড়াও এসএএফ শাখার দুইজন, নগর বিশেষ শাখার একজন ও খুলশী থানার একজন সদস্য আছেন।

এদের মধ্যে বুধবার একজনসহ মোট ছয়জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

চট্টগ্রাম নগর পুলিশের আক্রান্ত সদস্যদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পরিস্থিতি মোকাবেলায় সিএমপি স্কুল অ্যান্ড কলেজের ৩৩টি কক্ষকে কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়া দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালে ২০টি আইসোলেশন শয্যার ব্যবস্থা করা হয়েছে। আর ১৬ শয্যার ফ্লু কর্নারও চালু রয়েছে।ছাড়াও নারী পুলিশ সদস্যদের কোয়ারেন্টিনের জন্য পুলিশ লাইনে একটি ভবনের সাতটি কক্ষ প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে দামপাড়া পুলিশ লাইনের ব্যারাকে থাকা সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে আবাসন ব্যবস্থা করার জন্য কিছু সদস্যকে আবাসিক হোটেল, জিইসি কনভেনশন সেন্টার ও কে-স্কয়ার কমিউনিটি সেন্টারে সরিয়ে নেয়া হয়েছে।