চট্টগ্রামে করোনাভাইরাসে স্থানীয় বিএনপি নেতার মৃত্যু
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।
হাজী ইস্কান্দার মিয়া (৫০) নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকার বাসিন্দা। তিনি সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।
বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই রোগী রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জেনারেল হাসপাতালে ভর্তি হন। শুরু থেকে তিনি আইসিইউতে ছিলেন।
এনিয়ে চট্টগ্রামে কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হল।
ইস্কান্দারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
