চট্টগ্রামে দুই চিকিৎসক-এক পুলিশসহ আক্রান্ত ৬
চট্টগ্রাম মহানগর ও জেলায় দুই চিকিৎসক ও একজন পুলিশসহ ছয়জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এদের সাতজনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ মিলেছে এবং তাদের মধ্যে একজন পুরনো রোগী বলে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচারক ডা. হাসান শাহরিয়ার কবির জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাস পজিটিভ হওয়া সবার চট্টগ্রাম জেলার। এদের মধ্যে নাসিরাবাদ এলাকার ৩৮ বছর বয়সী একজন নারী চিকিৎসক এবং নন্দনকানন এলাকার ৩৪ বছর বয়সী পুরুষ চিকিৎসকও আছেন।
এছাড়া আক্রান্তদের মধ্যে লোহাগাড়া উপজেলার ৪২ বছর বয়সী পুরুষ, নগরীর কাঠগড় এলাকার ২৩ বছর বয়সী এক নারী, মা ও শিশু হাসপাতাল এলাকার ৩৬ বছর বয়সী একজন নারী আছেন।
এছাড়া দামপাড়া এলাকার ৩৬ বছর বয়সী একজন ট্রাফিক কনস্টেবলও আছেন উল্লেখ করে নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার আবদুল ওয়ারিশ জানান, ওই পুলিশ সদস্য চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের ১৭ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন পাঁচজন।
বিআইটিআইডিতে করা নমুনায় পরীক্ষায় চট্টগ্রামসহ বিভাগের অন্যান্য জেলার বাসিন্দা মিলিয়ে ১৫৮ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
বিআইটিআইডি ও সিভাসুর ল্যাবের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম মহানগর ও জেলা মিলিয়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১১১ জনের। বাইরের জেলা থেকে করোনাভাইরাস পজিটিভ হয়ে চট্টগ্রামে এসেছেন আরও পাঁচজন।
