২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোজগারহীন মানুষের পাশে রেজাউল

করোনাভাইরাস সঙ্কটে রোজগারহীন নগরীর বিভিন্ন এলাকার মানুষের কাছে উপহার সামগ্রী নিয়ে যাচ্ছেন আটকে যাওয়া চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 08:29 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

পাশাপাশি নগরীর বিভিন্ন পাড়া মহল্লার প্রধান ও সর্দারদের মাধ্যমেও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি।

সোমবার নগরীর উত্তর পাহাড়তলি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম।

এছাড়া সোমবার তার বহদ্দারহাটে বাড়িতে দেখা করতে আসেন চকবাজার ফুলতলা জেলে পাড়া, হরিপদ মাষ্টার পাড়া, ফুলতলা বিষ্ণু মন্দির পাড়া, মক্কী কলোনীস্থ অঞ্জনা কলোনী. বাদুরতলা চৌধুরী কলোনীর হিন্দু পাড়া, চকবাজার আদি মা মগদেশ্বরী ও কৃষ্ণ মন্দির পাড়ার পাড়া প্রধান ও সর্দাররা।

তাদের হাতে এসব পাড়ার বাসিন্দাদের জন্যও উপহার সামগ্রী তুলে দেন রেজাউল।

মুক্তিযোদ্ধা রেজাউল বলেন, “যে কোনো সময়ে মানুষের পাশে থাকা আমার চিরাচরিত স্বভাব। আমি মানুষের জন্য রাজনীতি করি।

“আর মানুষের জন্য কিছু করতে পারলে আমার নিজের খুব ভালো লাগে। করোনার কারণে গরিব অসহায় মানুষরা খুব কষ্টে আছে। আমি নিজ উদ্যোগে তাদের পাশে দাঁড়িয়েছি। আমার সাধ্যমতো আমি সহায়তা করে যাব।”

রেজাউল করিমের ব্যক্তিগত সহকারী মো. ইলিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি ছুটির শুরু থেকে ঘরে থাকা মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন তিনি।

“শুধু তাই নয়, নগরীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে নিজে গিয়ে এবং সেসব এলাকার মহল্লা প্রধানরা দেখা করতে এলে তাদের মাধ্যমেও খাদ্য সামগ্রী পাঠাচ্ছেন।”

নগরীর বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, ভিক্ষুক, শ্রমিক, দিনমজুর, রিকশা চালক থেকে শুরু করে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা এই সেবার খাদ্য সহায়তা পেয়েছেন বলে জানান ইলিয়াস।

সেইসঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্যাগোডা ও গীর্জায়ও খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।