২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বিশ্ববিদ্যালয় কর্মচারীসহ তিনজন ইয়াবাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের দুজন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 05:26 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

সোমবার ক্যাম্পাসের সমাজবিজ্ঞান অনুষদের পেছনের পাহাড়ে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের যৌথ অভিযানে তাদের ধরা হয় বলে প্রক্টর এস এম মনিরুল হাসান জানান।

এরা হলেন- মহিউদ্দীন (৩৫), হাসান (৩৩) ও নাছির (৩০)। এদের মধ্যে মহিউদ্দীন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর, হাসান শারীরিক শিক্ষা বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী এবং নাছির ক্যাম্পাসে একটি দোকান চালান।

অধ্যাপক মনিরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফাঁকা পেয়ে সমাজবিজ্ঞান অনুষদের পেছনে পাহাড়ে নেশাখোরদের একটি চক্র মাদকের আখড়া করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

“অভিযানে সেখানে ৪৪টি ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের দুজন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী।”

তিনজনকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে প্রক্টর বলেন,  বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।