২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক পুলিশসহ পাঁচজন আক্রান্ত

ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় চট্টগ্রামের এক পুলিশ সদস্যসহ পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 01:23 AM

Updated : 18 Aug 2022, 02:58 PM

রোববার বিআইটিআইডি ল্যাবে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায় সাতজনের।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাতজনের মধ্যে চট্টগ্রাম জেলার পাঁচজন এবং বাকি দুইজন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, চট্টগ্রামে আক্রান্তদের সবাই পুরুষ।

পাঁচজনের মধ্যে একজন নগরীর দামপাড়া পুলিশ লাইন্স ব্যারাকের ট্রাফিক বিভাগের সদস্য বলে জানান নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার আবদুল ওয়ারিশ।

তাকে নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়াল ১২ জনে।

এর বাইরে আক্রান্তদের মধ্যে একজন সাতকানিয়া উপজেলার এবং বাকিরা মহানগর এলাকার। তাদের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি।

বিআইটিআইডিতে রোববার পর্যন্ত তিন হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জেলার ১৩০ জনের করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে। অন্য জেলা থেকে আসা চট্টগ্রামের পাঁচজন করোনাভাইরাস রোগী রয়েছেন এর বাইরে।

এ পর্যন্ত চট্টগ্রামে এই ভাইরাসে মারা গেছেন পাঁচজন। আর সুস্থ হয়ে রোববার পর্যন্ত বাড়ি ফিরে গেছেন ২১ জন।

এছাড়া রোববার চট্টগ্রামের সিভাসু’র ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষায় আটজনের করোনাভাইরাস পাওয়া গেছে। এরা সবাই নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।