২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে ঢাকার পথে ‘পার্সেল ট্রেন’

করোনাভাইরাসের কারণে চলা অবরুদ্ধ অবস্থার মধ্যে প্রথমবারের মতো মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বিশেষ ‘পার্সেল ট্রেন’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2020, 03:54 PM

Updated : 18 Aug 2022, 02:57 PM

শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায় বলে জানান পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুতা, ফার্নিচার, টায়ার ও অন্যান্য পণ্য নিয়ে ট্রেনটি ছেড়ে গেছে। সীতাকুণ্ড-ফেনী স্টেশন থেকে ট্রেনটি সবজিসহ অন্যান্য মালামাল বহন করার কথা। ঢাকা-চট্টগ্রাম রুটের বিভিন্ন স্টেশনে ট্রেনটি থামবে।”

ট্রেনটি রাত আটটায় ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। সেটি ফের রাত ১০টায় ঢাকা থেকে রওনা হবে চট্টগ্রামের পথে।

সাদেকুর রহমান বলেন, বিভিন্ন মেইল ট্রেনের সাথে পার্সেল ট্রেনের বগি সংযুক্ত থাকত। ট্রেন চলাচল না থাকায় ছোট ব্যবসায়ীরা তাদের পণ্য আনা-নেওয়া এতদিন করতে পারেনি। সেকারণে সীমিত আকারে পার্সেল ট্রেন চালু করা হয়েছে।

সপ্তাহের সাতদিনই এই ট্রেনটি চলবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এক মাস পুরোপুরি বন্ধ রাখার পর শুক্রবার থেকে কৃষকের উৎপাদিত পণ্য, শাক-সবজি, খাদ্য ও পচনশীল সামগ্রী পরিবহনের জন্য বিশেষ ট্রেন চালুর কথা বৃহস্পতিবার জানিয়েছিল বাংলাদেশ রেলওয়ে।

১ মে থেকে ঢাকা -চট্টগ্রাম -ঢাকা, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং খুলনা-ঢাকা- খুলনা রুটে তিন জোড়া ‘পার্সেল স্পেশাল ট্রেন’ পরিচালনার সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রু‌টের ট্রেন‌টি দেওয়ানগঞ্জ থেকে ছাড়বে প্রতিদিন সন্ধ্যা ৭টায় এবং ঢাকায় পৌঁছাবে রাত সোয়া ৩টায়। এ দু‌টি রু‌টের ট্রেন সপ্তা‌হের সাতদিনই চলাচল কর‌বে।

আর খুলনা-ঢাকা-খুলনা রুটের ট্রেন খুলনা থেকে ছাড়বে বিকাল পৌনে ৫টায়, ঢাকায় পৌঁছাবে রাত সাড়ে ৩টায়। এটি সপ্তাহের ‌শুক্র, র‌বি ও মঙ্গলবার চলাচল করবে।

পুরনো খবর:

খাদ্য, শাক-সবজি পরিবহনে চালু হচ্ছে বিশেষ ট্রেন