হেফাজতে মৃত্যু, তিন পুলিশকে প্রত্যাহার
চট্টগ্রামে পুলিশ হেফাজতে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনা তদন্তে কমিটি করার পাশাপাশি তিন পুলিশ সদস্যকে প্রত্যাহরা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ইফতারের আগে নগরীর টেরিবাজার মহিউদ্দিন মার্কেটের প্রার্থনা বস্ত্রালয় থেকে বস্তাভর্তি পণ্য বের করার সময় প্রতিষ্ঠানের কর্মচারী গিরিধারী চৌধুরীকে (৬৫) ধরে স্থানীয় বক্সিরহাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখানে অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে পুলিশের ভাষ্য।
এ ঘটনায় কোনো গাফিলতি বা অন্য কোনো কারণ রয়েছে কি না তা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে একদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় ইফতারের আগে টেরিবাজারের ওই দোকানের দুইজন কর্মচারী কাপড়ের বস্তা রিকশায় উঠাচ্ছিল।
“চলমান ছুটির মধ্যে কেন দোকানের পণ্য বাইরে নিয়ে যাওয়া হচ্ছে তা প্রশ্ন করেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির নিয়োজিত এক নিরাপত্তারক্ষী। সদুত্তর না পেয়ে ওই রাস্তা দিয়ে যাওয়া টহল পুলিশের একটি টিমকে বিষয়টি জানালে রিকশাসহ দুই কর্মচারীকে বক্সিরহাট ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।”
পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “ফাঁড়িতে নেওয়ার পর গিরিধারী চৌধুরী ঘাম দিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
নগর পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনারকে প্রধান করে কোতয়ালি জোনের সহকারী কমিশনার ও কোতয়ালি থানার ওসিকে সদস্য করা হয়েছে তদন্ত কমিটিতে।
দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ আবদুর রউফ বলেন, “মারা যাওয়া দোকান কর্মচারীর পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি আগেও কয়েকবার হার্ট অ্যাটাক করেছেন।তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৫ মার্চ থেকে সরকারি সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে মার্কেটের সব দোকান বন্ধ রয়েছে।
“সে হিসেবে মার্কেটে কোন পণ্য প্রবেশ বা বের করা যাবে না। কিন্তু ওই দোকানের কর্মচারী দোকান থেকে পণ্য বের করে রিকশায় করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি আমাদের সিকিউরিটি গার্ড দেখতে পেয়ে জিজ্ঞেস করে এবং টহল পুলিশকে জানালে রিকশাসহ ওই কর্মচারীকে বক্সিরহাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই অসুস্থ হয়ে গিরিধারী চৌধুরী মারা যায় বলে জেনেছি।”
