২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাফিক কনস্টেবলসহ তিনজন আক্রান্ত

চট্টগ্রামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবলসহ তিনজনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2020, 12:42 AM

Updated : 18 Aug 2022, 02:56 PM

মঙ্গলবার চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১০০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

তাদের মধ্যে ছয়জনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায় বলে  চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদের মধ্যে চট্টগ্রাম জেলার পাঁচজন এবং লক্ষ্মীপুরের ৩২ বছর বয়সী এক নারী রয়েছেন। চট্টগ্রাম জেলায় পজিটিভ হওয়াদের মধ্যে দুইজন পুরাতন রোগী। এদের বাড়ি সাতকানিয়া ও নগরীর হালিশহরে।

সে হিসেবে চট্টগ্রাম জেলায় মঙ্গলবার করোনাভাইরাস আক্রান্ত নতুন রোগীর সংখ্যা তিনজন। এদের মধ্যে একজন ৫০ বছর বয়সী পুলিশ সদস্য।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্কর সিদ্দিক জানান, ওই কনস্টেবল দামপাড়া পুলিশ লাইনের ট্রাফিক ব্যারাকে থাকতেন। তিনি ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল ছিলেন। পুলিশ ব্যারাকে শনাক্ত হওয়া প্রথম করোনাভাইরাস রোগীর সংস্পর্শে ছিলেন ওই পুলিশ সদস্য।

বর্তমানে তিনি দামপাড়া পুলিশ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলে জানান আবু বক্কর।

বাকি দুইজন হলেন- নগরীর পতেঙ্গা এলাকার ৩০ বছর বয়সী নারী এবং বায়েজিদ এলাকার ৫০ বছর বয়সী আরেক নারী।

বিআইটিআইডিতে এ পর্যন্ত দুই হাজার ৭২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০৮ জন।

চট্টগ্রাম জেলায় এ সংখ্যা দাঁড়াল ৬৫ জনে। চট্টগ্রামে করোনাভাইরাসে মারা গেছেন ছয়জন।