চট্টগ্রামে একদিনে চিকিৎসকসহ ৯ কোভিড-১৯ রোগী শনাক্ত
চট্টগ্রামে একদিনে চিকিৎসক ও পুলিশসহ নয়জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
সোমবার চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১০০ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে ১২ জনের নমুনায় করোনাভাইরাস ‘পজিটিভ’ ফল আসে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর মধ্যে চট্টগ্রাম জেলার ১১ এবং লক্ষ্মীপুরের একজন রয়েছেন।
তবে চট্টগ্রাম জেলার ১১ জনের মধ্যে সাতকানিয়া উপজেলার দুজন পুরনো রোগী বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।
তিনি বলেন, “পজিটিভ হওয়া নতুন নয়জনের মধ্যে একজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক।”
চট্টগ্রাম জেলার আক্রান্ত বাকিদের মধ্যে একজন মিরসরাইয়ের, একজন বোয়ালখালীর এবং অন্য সাতজন চট্টগ্রাম মহানগর এলাকার।
মহানগরীর মধ্যে দামপাড়া এলাকায় একজন, পতেঙ্গার একজন, আগ্রাবাদের একজন, হালিশহরের একজন, পাহাড়তলীর একজন, বিএমএ লিংক রোডের এক এবং পাঁচলাইশ এলাকার একজন।
চট্টগ্রাম নগর পুলিশের উপ কমিশনার (বিশেষ শাখা) আবদুল ওয়ারিশ জানান, নগরীর দামপাড়া এলাকায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি পুলিশ লাইন্স ব্যারাকের ট্রাফিক সদস্য।
এ নিয়ে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা হল দুই হাজার ৬২২টি। বিআইটিআইডির ল্যাবে চট্টগ্রাম ছাড়াও বিভাগের বিভিন্ন জেলার নমুনা এনে পরীক্ষা করা হয়।
এর মধ্যে করোনাভাইরাস ‘পজিটিভ’ রোগীর সংখ্যা দাঁড়াল ১০৪ জনে।
এর মধ্যে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে।এ পর্যন্ত মারা গেছেন পাঁচজন।
