তিনগুণ বেশি দামে আদা বিক্রি, খাতুনগঞ্জের চার আড়ৎকে জরিমানা
অন্যের সুপারির গুদামে মজুদ করা আদা বিক্রি হচ্ছিল আমদানি মূল্যের তিনগুণ বেশি দামে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ার পর সেসব ১২০ টাকা কেজি দরে বিক্রি করা হয় উপস্থিত ক্রেতাদের মাঝে। আদা মজুদকারী প্রতিষ্ঠানকে করা হয় এক লাখ টাকা জরিমানা।
সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে তিনগুণ দামে আদা বিক্রি করায় আরো তিন প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাতুনগঞ্জের নূর মার্কেটে মো. আবু তৈয়বের মালিকানাধীন মেসার্স নিউ শাহ আমানত ট্রেডার্সে আদার বিষয়ে জানতে চাইলে ম্যানেজার জানান, তাদের কাছে এখন আদা নেই। আগে ছিল, বিক্রি হয়ে গেছে।
“গোপন সূত্রে খবর ছিল তারা নিজেদের আড়ত ব্যবহার না করে অন্য ব্যবসায়ীরা আড়ত ব্যবহার করছে। একটু দূরে শুক্কুর সওদাগরের একটি সুপারির আড়ত আছে। সেখানে গিয়ে ১২ টন আদার সন্ধান পাই। পরে তারা স্বীকার করে এটা শাহ আমানত ট্রেডার্সের আদা।”
মিয়ানমার থেকে আনা এসব আদা গত এক সপ্তাহ ধরে প্রতি কেজি ২২০-২৫০ টাকায় বিক্রির প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। ২১ এপ্রিল আনা এসব আদার ক্রয় মূল্য ৮৫ টাকা।
করোনাভাইরাস সঙ্কটের মধ্যে আদার অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সোমবার চট্টগ্রামের খাতুনগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। আমদানি মূল্যের তিন গুণ বেশি দামে আদা বিক্রি করায় চার আড়ৎদারকে করা হয় জরিমানা।
মো. তৌহিদুল ইসলাম বলেন, সেখানে একটি খালি ট্রাক ছিল। তাতে রেখে ১২০টাকা কেজি দরে জব্দ করা আদাগুলো ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।
“যারা আদার দাম বাড়াচ্ছে তারা নিজেদের গুদামে না রেখে খাতুনগঞ্জের অন্য ব্যবসায়ীর গুদামে বা বাসাবাড়িতে আদা রেখে বিক্রি করার অপকৌশল নিয়েছে।”
অভিযানে ৮০-৯০ টাকায় কেনা আদা ২৩০-২৫০ টাকা কেজি দরে বিক্রির প্রমাণ পাওয়ায় খাতুনগঞ্জের আড়তদার মাবুদ খান সওদাগরকে এক লাখ টাকা, শাহদাত ট্রেডার্সকে ৫০ হাজার এবং একতা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, অভিযানে খাতুনগঞ্জের আমির মার্কেট এলাকায় মেসার্স আজাদ সিন্ডিকেট নামের একটি কৃষিপণ্য আমদানিকারক প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছি। যারা ‘পেপারলেস ব্ল্যাক মার্কেটিং’ এর মাধ্যমে আদার দাম বাড়াচ্ছে।
“ঢাকার ফরাশগঞ্জ, শ্যামবাজার ও মতিঝিল কেন্দ্রিক যে আমদানিকারকরা বন্দর ব্যবহার করে আদা আমদানি করেন তাদের কারও কারও পণ্য খাতুনগঞ্জে এনে বেশি দামে বিক্রি করে মেসার্স আজাদ সিন্ডিকেট। আমদানিকারকদের যোগসাজশে এটা করা হয়।”
চট্টগ্রামের খাতুনগঞ্জে সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেশি দামে আদা বিক্রি ধরার পর সেসব আদা ১২০ টাকা কেজি দরে বিক্রি করা হয় উপস্থিত ক্রেতাদের মধ্যে।
সোমবারের অভিযানে ক্যাপ্টেন কাফিউন নাহারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ সদস্যরা সহায়তা করেন।
এর আগে শুক্র ও রোববার খাতুনগঞ্জ-চাক্তাই ও পাহাড়তলি বাজারে চড়া দামে আদা বিক্রির বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান পরিচালিত হয়।
বাজার তদারকির সাথে সংশ্লিষ্টদের অভিযোগ, চাহিদা থাকার সুযোগ কাজে লাগিয়ে কারসাজি করে আদার দাম বাড়ানো হয়েছে। আর ব্যবসায়ীদের দাবি সরবরাহ কম থাকায় আদার দাম বেড়েছে।
