২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৩ দোকানকে ৯৯ হাজার টাকা জরিমানা

মূল্য তালিকার চেয়ে বেশি দরে পণ্য বিক্রি, ওজনে কারচুপিসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রামে ১৩টি দোকান থেকে ৯৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 11:43 PM

Updated : 10 Oct 2022, 07:08 PM

অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় রোববার রোজার দ্বিতীয় দিনে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়। 

মোহরা এলাকার কাজীরহাটে মোহসেন আউলিয়া বাণিজ্যালয় নামের এক দোকানে মূল্য তালিকায় ১৩৫ টাকা লিখে রেখে রসুন বিক্রি হচ্ছিল ১৮০ টাকা কেজি দরে। ওই দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান।

একই বাজারের এমরান সওদাগরের দোকান ও আকাশ সওদাগরের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চান্দগাঁও কামাল বাজারের জানু সওদাগরের মাংসের দোকানে কম ওজনের বাটখারা ব্যবহার করায় এবং মূল্য তালিকা না রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান হাসানুজ্জামান।

তিনি বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করায় ওই বাজারের কেজিএন পোল্ট্রিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকায় মূল্য তালিকা না রাখা ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে সুগন্ধা ডিপার্টমেন্টাল স্টোর, নিডস ডিপার্টমেন্টাল স্টোর ও সুগন্ধা জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা করে জরিমানা করে অধিদপ্তর।

বন্দর থানার নতুন পোর্ট মার্কেটের বেলাল স্টোর, মা-বাবার দোয়া স্টোর ও মদিনা স্টোরে মূল্য তালিকা না থাকায় তিন হাজার টাকা করে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়।

মির্জার পুল এলাকার মমতাজ সুপারশপ ও মুনমুন স্টোরকে পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান হাসানুজ্জামান।

অন্যদের মধ্যে অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা অভিযানে অংশ নেন।