২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীফেরত একজন আক্রান্ত, চট্টগ্রামের বাড়ি অবরুদ্ধ

রাজবাড়ীর কর্মস্থল থেকে চট্টগ্রামে ফেরা এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর তার বাড়ি অবরুদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 07:15 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি রাজবাড়ী জেলায় বিআইডব্লিউটিসিতে কর্মরত।

“অসুস্থ থাকায় তিনি গত ২৪ এপ্রিল রাজবাড়ীতেই নিজ থেকে হাসপাতালে গিয়ে কভিড-১৯ টেস্ট করার জন্য নমুনা দিয়ে শনিবার চট্টগ্রামে চলে আসেন। পরীক্ষার জন্য তার নমুনা রাজবাড়ী থেকে ঢাকায় পাঠানো হয়।”

ঢাকা থেকে রোববার সেই পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় তার করোনাভাইরাস ‘পজিটিভ’। এরপর ওই ব্যক্তিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠিয়ে নগরীর সদরঘাট থানার দারোগাহাট এলাকায় তার বাসা অবরুদ্ধ করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা নোবেল।

সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকী বলেন, “আক্রান্ত ব্যক্তি শনিবার চট্টগ্রামে এসে বাসার একটি কক্ষে কোয়ারেন্টিনে ছিলেন। বাসায় তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তাদের আপাতত সেখানেই রাখা হয়েছে।”

পাঁচ তলা ওই ভবনে আক্রান্ত ব্যক্তির পরিবার ছাড়াও আরো সাতটি পরিবার বসবাস করে বলে জানান ওসি।