রেশন কার্ড বিতরণে দলীয় পরিচয় দেখা হবে না: হাছান
দলমত নির্বিশেষে যার প্রয়োজন তাকেই রেশন কার্ডে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ।
শুক্রবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরে দলীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কোভিড-১৯ সংক্রমণের উদ্ভূত পরিস্থিতিতে ত্রাণ বিতরণসহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হয়।
হাছান মাহমুদ বলেন, “সরকার গত কয়েক বছর ধরে পঞ্চাশ লক্ষ পরিবারের মধ্যে মাসে ৩০ কেজি করে ১০ টাকা দরে চাল দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুনভাবে যে পঞ্চাশ লক্ষ রেশন কার্ড করা হবে সেগুলো প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন তাদের মধ্য থেকেই করতে হবে।
“এই কার্ডটি করার ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক হতে হবে। এ ধরনের কার্ড করার সময় কোনো দলীয় পরিচয় বিবেচনা করা যাবে না। যার প্রয়োজন তাকেই অন্তর্ভুক্ত করতে হবে দলমত নির্বিশেষে। এটি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সুতরাং সেভাবেই তালিকা করতে হবে। কারণ একজন মানুষও অভাবে থাকুক সরকার সেটা চায় না।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “যিনি আওয়ামী লীগের কড়া সমালোচক, কোনো সময় আমাদের দলকে ভোটও দেননি, তিনি যদি প্রকৃতপক্ষে অভাবি হন প্রধানমন্ত্রী ঘোষিত নতুন পঞ্চাশ লক্ষ রেশন কার্ডে তার নাম অন্তর্ভুক্ত করতে হবে।
“যেহেতু আমরা সরকারি দল, সেহেতু আমাদের দায়িত্ব অনেক বেশি। সরকারি দল হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব আমাদের দলীয় নেতাকর্মীরা শুরু থেকেই পালন করছে। আজকে একটি মাস দেশের সবকিছু বন্ধ। কেউ যেন না খেয়ে না থাকে সেদিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে।”
করোনাভাইরাসের সংক্রমণের কারণে কিছু মানুষ নতুনভাবে সঙ্কটের মধ্যে পড়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, “শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের প্রতিদিন ইনকাম ছিল, এখন কিন্তু ইনকাম নাই। আবার সবাই কিন্তু ত্রাণ চাইতে পারেনা, নিজেদের সমস্যার কথা মুখ ফুটে বলছেন না। আমাদের খেয়াল করে নিজেদের বিবেচনায়, যারা চাইতে পারেনা তাদের কাছে ত্রাণ পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, “আবার যারা ভালো মতো চাইতে পারে, দেখা যাচ্ছে সে সবার কাছ থেকে নিচ্ছে। এইটা যাতে না হয় পুরো বিষয়টার মধ্যে একটা সমন্বয় হওয়া প্রয়োজন।”
রাঙ্গুনিয়ায় কৃষক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগ ইতিমধ্যে দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “আজ থেকে তারা এই কার্যক্রম শুরু করবে। প্রত্যেক ইউনিয়নভিত্তিক তারা ইতিমধ্যে টিম গঠন করেছে। প্রত্যেক ইউনিয়নের যেখানে প্রয়োজন সেখানে তারা ধান কেটে দেয়ার ক্ষেত্রে সহায়তা করবে। এসব কাজ আমাদের করতে হবে।”
রাঙ্গুনিয়া উপজেলাতেও চলমান ত্রাণ কার্যক্রম যাতে সমন্বয়ের মাধ্যমে হয় সে বিষয়ে তাগাদা দেন মন্ত্রী।
করোনাভাইরাস নিয়ে যেকোনো ধরনের অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে স্থানীয় নেতাদের আহ্বান জানান হাছান মাহমুদ।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো. আসলাম খাঁন, ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম তালুকদার, চন্দ্রঘোনা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুন, দক্ষিণ রাজানগর ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।
