২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক চিকিৎসকসহ তিনজন আক্রান্ত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকসহ তিনজনের নমুনায় করোনাভাইরাস ধরা পড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2020, 11:49 PM

Updated : 18 Aug 2022, 02:54 PM

বুধবার চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর মধ্যে চারজনের নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। এদের একজন লক্ষীপুরের এবং বাকি তিনজন চট্টগ্রাম জেলার।

আক্রান্তদের মধ্যে ফটিকছড়ি উপজেলার ২৯ বছর বয়সী একজন চিকিৎসক রয়েছেন বলে জানান তিনি।

ওই চিকিৎসক নাজিরহাটে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্লু কর্নারে চিকিৎসা দিচ্ছিলেন।

এছাড়া চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্ত হওয়া অপর দুইজন হলেন- নগরীর লালখান বাজার এলাকার ও বালুছড়া এলাকার বাসিন্দা ৪২ বছর বয়সী দুই পুরুষ।

বুধবার পর্যন্ত ফৌজদারহাটের বিআইটিআইডিতে মোট ১৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হল। এদের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে ৭৯ জনের। তাদের মধ্যে চট্টগ্রাম জেলার রোগী ৪৩ জন।

এদের মধ্যে বুধবার পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসের বিশেষায়িত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন সাতজন।