পটিয়ায় হোটেলের ড্রামে দোকানির লাশ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি হোটেলের ড্রামের ভেতর থেকে এক দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল কাদেরের (২৬) বাড়ি জিরি ইউনিয়নে। তবে তিনি থাকতেন হোটেলটিতে।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। গলায় রশি প্যাঁচানো অবস্থায় ড্রামের ভেতর উপুড় করে রাখা ছিল লাশটি।
"প্রাথমিকভাবে ধারণা করছি, সোমবার রাতে তাকে খুন করে লাশ ড্রামের ভেতর রেখে দেওয়া হয়েছে।"
ওসি বোরহান জানান, কাদেরের কালারপোলে একটি পানের টং দোকান আছে। রাতে কাদের হোটেলের দুই কর্মচারীর সঙ্গে থাকতেন। লাশ উদ্ধারের পর থেকে হোটেল কর্মচারীদের পাওয়া যাচ্ছে না।
