মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে পিপিই-খাদ্য সামগ্রী বিতরণ
চট্টগ্রামে হজরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে নগরী ও ফটিকছড়িতে পিপিই, খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশকসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ট্রাস্টের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ২২ মার্চ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান।
এরমধ্যে সোমবার ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে ট্রাস্টের চেয়ারম্যান শাহসুফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানীর নির্দেশে ছয় হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পাশাপাশি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, প্রশাসনকি কর্মকর্তা ও সাংবাদিকদের ট্রাস্টের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মাহবুবর রহমান, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ রানা, ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন ও ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কোরাইশীর কাছে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কসহ সুরক্ষা সামগ্রি হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানসহ সামর্থ্য আছে এমন যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের এগিয়ে আসা উচিত।
পাশাপাশি বিভিন্ন উপজেলায় স্বাস্থ্যকর্মীদের মাঝে এক হাজার পিপিই ট্রাস্টের পক্ষ থেকে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে ট্রাস্টের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ট্রাস্টের মহাসচিব আইনজীবী কাজী মহসিন চৌধুরী, গাজী সালাহ উদ্দীন, শাহ মো ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী, এইচ এম মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, কাজী শহীদুল্লাহ, মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, সোহাগ শেখ, ইকবাল হোসাইনসহ প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকরা ত্রাণ সামগ্রি বিতরণের কাজ করছেন।
