২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পথের কুকুরদের খাবার দিলেন মেয়র নাছির

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের কারণে খাদ্য সঙ্কটে পড়া নগরীর পথের কুকুরদের খাবার দিলেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2020, 10:54 PM

Updated : 18 Aug 2022, 02:53 PM

সোমবার বিকেলে নগরীর সিআরবি ও টাইগারপাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ঘুরে ঘুরে কুকুরদের খাবার দেন তিনি।

এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে মেয়র নাছির বলেন, প্রাণী জগতে কুকুর প্রভুভক্ত ও মানুষের উপকারী। এদের একটি অংশ গৃহপালিত। তবে তাদের একটি বড় আংশ পথেই থাকে। তাদের খাবারের জোগান হয় ডাস্টবিন ও নালা-নর্দ্দমায় ফেলে দেওয়া গৃহস্থালি ও হোটেল-রেঁস্তোরার খাবারের উচ্ছিষ্ট অংশে।

“তবে করোনাভাইরাস কবলিত নগরীতে লকড ডাউন চলাকালীন সময়ে হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকায় এবং গৃহবন্দি মানুষের জীবনযাপনে সীমিত রান্নাবান্নার কারণে ডাস্টবিন ও নালা-নর্দমায় খাবারের উচ্ছিষ্ট নেই বললেই চলে।”

মেয়র নাছির বলেন, “একারণে পথের কুকুরগুলো অভুক্ত। মধ্যরাতে ক্ষুধাকাতর কুকুরের আকুল বিলাপে আমার মন কাঁদে এবং অনেকেরই খারাপ লাগে। এই পৃথিবী শুধু মানুষের নয়, খোদাসৃষ্ট সকল প্রাণীর।

“মানুষের একতরফা কর্তৃত্বে মানুষই শ্রেষ্ঠ! তাই অন্যপ্রাণীকুল আজ বিপন্ন, নিপীড়িত এমনকি বিলুপ্তপ্রায়। অথচ প্রাণীর সম্মিলিত সহযোগে প্রকৃতির ভারসাম্য প্রতিষ্ঠিত। তাই শুধু মানুষই নয়, সকল প্রাণীও প্রকৃতির সঙ্গী। এই শিক্ষা করোনা দূর্যোগকালীন দুঃসময়ে গ্রহণ করা আমাদের সবার উচিত।”

তাই অভুক্ত প্রাণীদের একটু খাবার দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র।

মূল সড়ক ও অলিগলিতে ঘুরে ঘুরে কুকুরদের রান্না করা খাবার দেন মেয়র ও তার সঙ্গে থাকা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।