ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিলল ১১০ লিটার নকল স্যানিটাইজার
চট্টগ্রাম নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১০ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার ধ্বংস করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০জন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এই যৌথ অভিযান চালানো হয় নগরীতে।
এদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে চান্দগাঁও, চকবাজার ও বাকলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালতি হয়।
মাহফুজা জেরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেরিবাজার এলাকায় একটি দোকানে নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রির সময় তা জব্দ করা হয়। ওই বিক্রেতা কোথা থেকে এসব এনেছে জানতে চাইলে তিনি আনসার ক্লাব এলাকার একটি দোকানের কথা বলেন।
“ওই দোকানে গিয়ে জানতে চাইলে তারা বলেন এক ডাক্তারের কাছ থেকে জেনে নিয়ে তারা হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছেন। তাদের বানানো স্যানিটাইজারে উপকরণের অনুপাত ঠিক নেই। এমনকি ওই বিক্রেতা জানেনও না কোন উপকরণ কতটুকু দিতে হয়।”
ওই দোকানে থাকা ১১০ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত। এদিকে দিনব্যাপী অভিযানে নগরীতে মোট ৫১ টি মামলায় ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
