ত্রাণের তালিকায় সবাইকে রাখার নির্দেশ মেয়র নাছিরের
জাতীয় পরিচয়পত্র না থাকলেও চট্টগ্রাম নগরীতে বসবাসকারী নিম্ন আয়ের মানুষদের সরকারি ত্রাণের তালিকায় অর্ন্তভুক্ত করতে কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
রোববার চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।
নির্দেশনায় মেয়র নাছির বলেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সরকারি নির্দেশনানুযায়ী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার কার্ড না থাকলেও সরকারি ত্রাণ পেতে যে কেউ তালিকাভুক্ত হতে পারবেন।
“সরকারের এই ঘোষণা অনুসারে নগরীতে অবস্থানরত নিম্ন আয়ের মানুষ, বেকার শ্রমিক, চা দোকানদার, রেস্টুরেন্ট শ্রমিক, পরিবহন শ্রমিক, মোটরযান শ্রমিক, নির্মাণ শ্রমিক ও কৃষি শ্রমিক, দোকান কর্মচারী সবাই তালিকাভুক্ত হবেন।”
মেয়র নাছির বলেন, “এরা যে যেখানে অবস্থান করছেন সেই ঠিকানানুযায়ী ত্রাণ প্রাপ্তি নিশ্চিত করতে হবে এবং কোনো অস্বচ্ছল পরিবার যাতে বাদ না পড়ে সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে।
“এক্ষেত্রে যাতে আইডি কার্ড না থাকা, অন্য অঞ্চলের স্থায়ী বাসিন্দা হওয়া বা এখানকার ভোটার না হওয়া- এসব আমলে না নিয়ে সরকারি ত্রাণ প্রাপ্তির হালনাগাদ তালিকা তৈরি করা হয়। এবং সব নাগরিকের ঘরে ঘরে যাতে দ্রুততম সময়ের মধ্যে সরকারি ত্রাণ-সামগ্রী পৌঁছে যায়।”
মেয়র আ জ ম নাছির উদ্দিন (ফাইল ছবি)
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্ডপ্রাপ্ত সেবা গ্রহীতারা প্রতি মাসে ১০ টাকা মূল্যে মাসিক ২০ কেজি চাল সংগ্রহ করতে পারবেন এবং তা সরকার নিয়োজিত ডিলারদের কাছ থেকেই তুলে নিতে হবে।
ওএমএস এর কার্ড তালিকায় চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা ও জামালখান এই দুই ওয়ার্ডে ২০০ করে পরিবার এবং বাকি ওয়ার্ডগুলোর প্রতিটিতে ৪০০ করে পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে।
ওএমএস’র চাল নিয়ে যাতে করে নয়-ছয় না হয় এবং এই ব্যবস্থাপনায় সংশ্লিষ্টরা চাল আত্মসাতের অপচেষ্টায় যাতে লিপ্ত না হয় সে দিকেও তীক্ষ্ণ নজর রাখতে কাউন্সিলরদের পরামর্শ দেন মেয়র।
“এক্ষেত্রে কোন অনিয়ম বা দুর্নীতি পরিলক্ষিত হলে তা সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট তদারকি সংস্থাকে অবহিত করতে হবে।”
সিসিসি থেকে সরকারি ত্রাণ সামগ্রি বুঝে নেয়ার ২৪ ঘন্টার মধ্যেই তা তালিকাভুক্ত গ্রহীতাদের ঘরে ঘরে পৌঁছে দিতে আবারও তাগাদা দেন মেয়র নাছির।
পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে নগরবাসীকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করতে কাউন্সিলরদের ঘরে ঘরে প্রচার চালাতে আহ্বান জানান মেয়র।
