চট্টগ্রামে কভিড-১৯ আক্রান্ত তিন পুলিশ থাকতেন ‘এক রুমে’
চট্টগ্রামের কভিড-১৯ আক্রান্ত তিন ট্রাফিক পুলিশ সদস্য একই কক্ষে থাকতেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ জানান, চট্টগ্রামে প্রথম ট্রাফিক সদস্য নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ব্যারাকের ওই কক্ষে থাকা ১২ জনকে কোয়ারেন্টিন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নতুন করে আক্রান্ত আরও যে দুই ট্রাফিক সদস্য হয়েছেন, তারা প্রথমজনের সঙ্গে একই রুমে থাকতেন।
“নতুন আক্রান্ত দুইজন গত ১২ এপ্রিল থেকে বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাদের জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের অবস্থা এখন ভালো আছে।”
শহীদুল্লাহ আরও জানান, ট্রাফিক সদস্যদের মধ্যে যারা ব্যারাকে থাকতেন তাদের কাউকে ডিউটিতে দেওয়া হচ্ছে না। ব্যারাকের বাইরে যারা থাকেন শুধু তাদের প্রতিদিন সড়কে ডিউটি করানো হচ্ছে।
গত ১২ এপ্রিল চট্টগ্রামে শনাক্ত হওয়া কভিড-১৯ আক্রান্ত পাঁচ জনের মধ্যে একজন ছিলেন ৫৫ বছর বয়সী এক ট্রাফিক কনস্টেবল। আর ১৫ এপ্রিল শনাক্ত হওয়া পাঁচ জনের মধ্যে দুই জন ট্রাফিক কনস্টেবল। এই নিয়ে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য চট্টগ্রামে কভিড-১৯ আক্রান্ত হয়েছেন।
এদিকে দেশে কভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর থেকেই দামপাড়া, মনসুরাবাদ ও বন্দর এলাকায় নগর পুলিশের ব্যারাকগুলোতে বিভিন্ন ধরনের সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-সদর) মঈনুল ইসলাম।
চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে একটি নারী পুলিশ ব্যারাকসহ ছয়টি ব্যারাক আছে। তাদের মধ্যে একটি ট্রাফিক সদস্যদের। আর মনসুরাবাদ ও বন্দরে আরও দুইটি ব্যারাক রয়েছে।
পুলিশ সদ্যদের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে উল্লেখ করে এডিসি মঈনুল জানান, দেশে কভিড-১৯ রোগী শনাক্তের পর থেকেই সিএমপি কমিশনারের নির্দেশে ব্যারাকে থাকা পুলিশ সদস্যদের জন্য আলাদা বাসনের ব্যবস্থা করা হয়েছে। নিজেদের জন্য বরাদ্দ করা বাসনে খাওয়া দাওয়া করে নিজেরাই সেগুলো ধুয়ে রাখবেন। এছাড়াও খাওয়ার সাথে প্রতিদিন ভিটামিন- সিযুক্ত ফল ও গরম পানিরও ব্যবস্থা করা হয়েছে।
এক সাথে সবাই না গিয়ে প্রতিবেলায় ২০ জন করে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ব্যারাকের ডাইনিং রুমে। খাওয়ার সময় তাদের কথা বলতে নিরুৎসাহিত করা হচ্ছে বলেও জানান তিনি।
এডিসি মঈনুল জানান, প্রতিদিন পুলিশ সদস্যদের শরীরের তাপমাত্রা মাপার পাশাপাশি ডিউটি শেষ করে আসা সদস্যদের সরাসরি নিজের রুমে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ব্যারাকে বসবাস করা সদস্যরা নিজের ফ্লোরের এবং কক্ষের বাইরে অন্য কোন ফ্লোরে কিংবা কক্ষে না যাওয়া জন্য বলা হয়েছে।
এছাড়াও প্রতিদিন ব্লিচিং পাউডার দিয়ে ব্যারাক ও তার আশপাশের এলাকা পরিস্কার করা হচ্ছে।
এডিসি মঈনুল জানান, সিএমপি স্কুলের ৩৩টি কক্ষ ও মনসুরাবাদে কয়েকটি কক্ষকে জরুরি প্রয়োজনে কোয়ারেন্টিনের জন্য তৈরি করা হয়েছে। পুলিশ লাইন্সে যাদের শরীরে তাপমাত্রা বেশি পাওয়া যাচ্ছে তাদের সাথে সাথে কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, দামপাড়া পুলিশ লাইন্সের চারটি ফটকের মধ্যে একটি ছাড়া বাকিসব গেইট বন্ধ রাখা হয়েছে। এই গেইট দিয়ে প্রবেশকারী সবার তাপমাত্রা দেখা হচ্ছে এবং সকল যানবাহনগুলো ক্লোরিন ওয়াশ করা হচ্ছে।
এছাড়াও জনসমাগম এড়াতে পুলিশ সদস্যদের রোল কলও বন্ধ রাখা হয়েছে।
